


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ মার্কেটের সামনে লাইন দিয়ে বসে কয়েকজন। তাঁদের প্রত্যেকের সামনে হরেক রঙের গোলাপ। সংখ্যায় বেশি লাল। তা দিয়েই আজ প্রেমের উত্তাপ মাপবে শহর।
দোকানদারদের সামনে হরেক রঙের কাগজও আছে। ত দিয়ে নিমেষে হাতের মোচড়ে তৈরি হচ্ছে ফুলের তোড়া বা বোকে। বুকে টেনে নেওয়ার দিনে লাল বোকেই ভরস। ভ্যালেন্টাই’স ডে আজ, শনিবার। প্রেমের দিবসে শহরজুড়ে চলছে প্রস্তুতি। দিনে ক’টা করে ফুলের তোড়া তৈরি করছেন? প্রশ্নের উত্তরে গোলাপ বাঁধতে বাঁধতে দোকানদার বললেন, ‘দিনে কমকরে বিশটা তৈরি করতে হচ্ছে। খুব ডিমান্ড।’ দাম? ‘২০০ টাকা থেকে শুরু।’ তারপর বোকের দাম আকাশ ছুঁয়েছে। যে যেমন পারছেন ভালোবাসার ফুলের দাম নিচ্ছেন। কিনতে তরুণ-তরুণীদের পকেটে টান পড়ছে ঠিকই। তবে তা হোক। প্রেম চিরকালই তুচ্ছ মনে করেছে মানিব্যাগকে।
প্রেমিকাকে সঙ্গে নিয়েই ফুল কিনতে এসেছেন প্রেমিক। কেউ এসেছেন ‘লুকিয়ে’, বাড়ির কাউকে না জানিয়ে। কেউ আবার ‘ডেয়ার ডেভিল’। কেউ বললেন, ‘বেরলাম ওকে নিয়ে। শুধু ফুল দিলেই হবে না। চকোলেট দিতে হবে।’ নিউমার্কেটে বিক্রি হচ্ছে হৃদয় আকারের চকোলেট। লাল রাংতায় মোড়া সে চকোলেটের কি যে চাহিদা তা না দেখলে বিশ্বাস হয় না। দাম, ৮০ টাকা। টেডি বিয়ারও রয়েছে। রকমারি চকোলেট, ফুল দিয়ে দোকানদাররা হরেক উপহারের বাক্স তৈরি করেছেন। সেসবেরও ভালো চাহিদা।
পথ চলতে চলতে এক প্রবীণ কাটলেন টিপ্পনি। বললেন, ‘এসব হল লোক দেখানো। প্রেম হতো আমাদের সময়।’ এ কথায় মোটেও কান দেয় না কলকাতা-মফস্সলের প্রেমিক-প্রেমিকারা। তাঁরা বলেন, ‘গোলাপ চকোলেট ছাড়া প্রেম জমে নাকি।’ তাও অনেকে বলেন, ‘ভ্যালেন্টাইন’স ডে হল ব্যবসার নতুন ছক।’ একথা তুচ্ছ করে এগিয়ে চলেছে নয়া প্রজন্ম। ফলে ময়দান হোক বা ভিক্টোরিয়া, প্রেমের ‘আইকনিক’ জায়গাগুলিতে দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে ছবি তোলার যে কি আনন্দ তা প্রেমিক-প্রেমিকারাই শুধু বোঝেন। এবার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ‘লাইক’ও পেতে হবে। তার আনন্দও কম নয়। এরই মধ্যে কারও ভুল বোঝাবুঝি চলছে। দেখাসাক্ষাৎ বন্ধ। তাঁরা মুখ শুকনো করে এই বিশেষ দিবস একলাই কাটাবেন। তাঁরা গোলাপ দেখছেন। হাত নিশপিশ করলেও কিনছেন না। রেস্তরাঁর আলো তাঁদের জন্য এখন ম্লান। তাঁরা টাকা জমিয়ে রাখছেন। অভিমান মিটলে মোটা দেখে লাল গোলাপের বোকে কিনতে হবে। সে গোলাপের পাপড়ির মতো হাসি ফুটবে প্রেমিকার ঠোঁটে। তাদের জন্য সেদিনটাই ভ্যালেন্টাইন’স ডে।