Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিতর্কে কলকাতার কাউন্সিলার, জটিলতা সামলাতে মধ্যরাতে আসরে পুর-নেতৃত্ব

বিতর্কে কলকাতার কাউন্সিলার, জটিলতা সামলাতে মধ্যরাতে আসরে পুর-নেতৃত্ব
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্শ্ববর্তী সোনারপুর-রাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে চলছে নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ। সেই কাজে ব্যবহৃত পাইপভর্তি গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ উঠল ই এম বাইপাস লাগোয়া এলাকার কলকাতা পুরসভার এক কাউন্সিলারের বিরুদ্ধে। তাঁর ওয়ার্ডটি সোনারপুর-রাজপুর পুরসভা এলাকা সংলগ্ন। বৃহস্পতিবার এই ঘটনার জেরে মধ্যরাতে পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় পুরসভার শীর্ষ নেতৃত্বকে। স্থানীয় থানার পুলিস গিয়ে পাইপভর্তি সেই গাড়ি ছাড়িয়েছে বলে খবর। 

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাইপভর্তি গাড়ি বাইপাসের একটি ফায়ার স্টেশনের সামনের রাস্তা দিয়ে ঢুকে সোনারপুর-রাজপুরের ১ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিল। সেখানে একটি বহুতল আবাসন রয়েছে। সেই অঞ্চলে পুর ও নগর উন্নয়ন দপ্তরের অর্থে নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ হচ্ছে। সেখানেই বড় বড় পাইপ লরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, এত রাতেই কলকাতা পুর এলাকার ওই অঞ্চলের সেই কাউন্সিলার ও তাঁর দলবল পাইপ ভর্তি গাড়ি আটকায়। এবং মোটা টাকা দাবি করে। দীর্ঘক্ষণ তিনি লরি আটকে রেখেছিলেন বলে অভিযোগ। পরে সেখান থেকে ফোন যায় সোনারপুর-রাজপুর অঞ্চলের এক জনপ্রতিনিধির আত্মীয়ের কাছে। তিনি সরাসরি কলকাতা পুরসভার শীর্ষস্তরে ফোন ঘোরান। সেখান থেকে ফোন যায় সংশ্লিষ্ট বরো নেতৃত্বের কাছে। বরো স্তরের ওই নেতা সরাসরি পুলিসকে ফোন করে পরিস্থিতি সামাল দিতে বলেন। সেখান থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিস তৃণমূলের ওই স্থানীয় প্রভাবশালী নেতাকে হটিয়ে লরি ছাড়ায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ। এই ঘটনার জেরে শুক্রবার সকালে ওই কাউন্সিলারকে দলীয় নেতৃত্বের তরফে ভর্ৎসনা করা হয়েছে বলে খবর। যদিও, এই ঘটনা প্রসঙ্গে সরকারিভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিশ্চুপ। উল্লেখ্য, এই কাউন্সিলারের বিরুদ্ধে আগেও অঞ্চলে একাধিকবার তোলাবাজির অভিযোগ উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ