নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার থেকে মেদিনীপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পিকআপ ভ্যান। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। জখম আরও ৪। সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার লাইব্রেরি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কলকাতার গড়িয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে মেদিনীপুরের মহিষাদলে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাচ্ছিল। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, মৃত দু’জনের মধ্যে একজন স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও অপরজন সেবক বাসুদেব (৬০)।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পিকআপ ভ্যানটি ৬ যাত্রীকে নিয়ে মহিষাদলের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৬ টা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ফলে সেই সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি বালির লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সন্ন্যাসী ও সেবকের। এছাড়াও, গাড়িতে থাকা আরও ৪ জন যাত্রী আহত হন। পুলিস আহতদের উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করেছে ও মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।