নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ৭ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হার। টি-২০’র মাপদণ্ডে নির্লজ্জ আত্মসমর্পণ। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাইটদের বিপর্যয় দেখে কেকেআর সমর্থকরা হতাশ। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার খেতাব ধরে রাখতে পারবে না শাহরুখ খানের দল?
বিশেষজ্ঞদের ধারণা, সোমবারের হারের পর এখনই উপসংহার লিখে ফেলা অনুচিত। অনেক ম্যাচ বাকি। ঘুরে দাঁড়ানোর প্রচুর সময় রয়েছে নাইটদের হাতে। কিন্তু তার জন্য দরকার দুর্দান্ত টিম গেম। ব্যাটিং-বোলিংয়ে খামতি দ্রুত মিটিয়ে ফেলা। মুম্বইয়ের কাছে হারার পর ক্যাপ্টেন রাহানে ব্যাটিংকেই দায়ী করেছিলেন। সেই সঙ্গে বিতর্কের জন্ম দিয়েছেন রামনদীপ সিং। তিনি বলেছেন, ‘আমাদের প্রথম একাদশ এখনও সেট হয়নি। এর জন্য দায়ী মেগা নিলাম। গতবারের চ্যাম্পিয়ন দলের অনেকেই রাখা যায়নি। তাই টিম সেট করতে সময় লাগছে।’ তবে এসব ছেঁদো যুক্তি ছাড়া কিছু নয়। গতবার মেন্টর হিসেবে গৌতম গম্ভীর টিম সাজিয়েছিলেন। এবার হাবুডুবু খাচ্ছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তিনটি খেলে দু’টিতে হার। উত্তাপ টের পাচ্ছেন চান্দু। মুম্বই ম্যাচের ব্যর্থতা নিয়ে পর্যালোচনার খুব বেশি সময় নেই কেকেআর শিবিরে। মঙ্গলবার সন্ধ্যায় শহরে ফিরলেন রাসেল, নারিনরা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গতবার যাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল।
শুরুটা ভালো করেও কামিন্সরা কিন্তু পথ হারিয়েছেন। দলের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। তবে হায়দরাবাদের মূল শক্তি ব্যাটিং। শুরুতে ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও ঈশান কিষান। ধুন্ধুমার ব্যাটিংয়ের জন্য যাঁরা পরিচিত। তাই শুরুতেই আঘাত হানতে হবে। যে কাজটা বাঁ-হাতি পেসার স্পেনসর জনসনকে দিয়ে হচ্ছে না। তাঁকে বসিয়ে খেলানো হতে পারে অ্যানরিখ নর্তজেকে। তরুণ তুর্কি লাভনিথ সিসোদিয়াকে নিয়েও চর্চা তুঙ্গে। বেঙ্কটেশ আয়ারের পারফরম্যান্সেও খুশি নয় দল। মোদ্দা কথা, ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে কেকেআর প্রথম একাদশে পরিবর্তনের পথে হাঁটতে পারে। ব্যাটিং অর্ডার বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সব কিছু নির্ভর করছে ইডেনের বাইশ গজের উপর। রাহানেরা স্পিন সহায়ক পিচ চেয়েছেন। কিউরেটর তাতে আগ্রহ না দেখানোয় তৈরি হয়েছিল বিতর্ক। আইপিএলের নিয়মে পিচ তৈরিতে কোনও ফ্র্যাঞ্চাইজি হস্তক্ষেপ করতে পারবে না। সেই যুক্তিতে কিউরেটর অটুট থাকেন কিনা, সেটাই দেখার। তবে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খোদ সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ময়দানে অবতীর্ণ।