Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতে অভিযান শেষ করাই লক্ষ্য নাইটদের

প্লে-অফের আশা শেষ হয়েছে আগেই। পয়েন্ট তালিকাতেও ক্রমশ পিছিয়ে গতবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

জিতে অভিযান শেষ করাই লক্ষ্য নাইটদের
  • ২৫ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: প্লে-অফের আশা শেষ হয়েছে আগেই। পয়েন্ট তালিকাতেও ক্রমশ পিছিয়ে গতবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই রবিবার এবারের অভিযানের শেষ ম্যাচে নিছকই নিয়মরক্ষার লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছেন অজিঙ্কা রাহানেরা। সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নাইটদের ঠিক পরেই রয়েছে নিজামের শহরের দলটি। চলতি মরশুমে তারাও চূড়ান্ত ব্যর্থ। তবে শুক্রবারই কোহলিদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছেন প্যাট কামিন্সরা। আত্মবিশ্বাসে ভরপুর হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা ভালোই জানেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে এই মরশুমের যাবতীয় ব্যর্থতা ভুলে হাসিমুখে লিগ অভিযান শেষ করাই লক্ষ্য কেকেআরের।

Advertisement

চলতি মরশুমের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে কলকাতা। অধিনায়ক অজিঙ্কা রাহানেই একমাত্র ধারাবাহিকতা দেখাচ্ছেন। কিন্তু ১১ ইনিংসে তিনিও ৩৭৫ রানের বেশি করেননি। নাইটদের আর কেউ তিনশো পেরোননি। ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ আয়ার অবশ্য একেবারে ব্যর্থ। ইডেনে চেন্নাইয়ের বিরুদ্ধে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধেও বেঙ্কটেশের খেলার সম্ভাবনা কম। বোলিং বিভাগেও ধারাবাহিকতার অভাবে ভুগেছে দল। বিশেষত পেস বিভাগে সেভাবে কেউই ভরসা জোগাতে পারেননি। তাই হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে শান্ত রাখাই বড় চ্যালেঞ্জ সুনীল নারিন-বরুন চক্রবর্তীদের।
গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন ঈশান কিষান। পাশাপাশি, অভিষেক শর্মা, অনিকেত ভর্মারাও রান পান। তবে কামিন্সদের মূল সমস্যা মিডল অর্ডার। ট্রাভিস হেড, অভিষেক ও ঈশান— টপ থ্রি ব্যর্থ হলেই দিশাহারা দেখায় হায়দরাবাদকে। মিডল অর্ডারে হাল ধরার মতো লোকের অভাব রয়েছে। প্রথম লেগে এই জায়গাতেই আঘাত হানতে সফল হয়েছিল কলকাতা। সেই ম্যাচে ইডেনে মাত্র ১২০ রানে গুটিয়ে গিয়েছিল নিজামের শহরের দলটি। রবিবার ফিরতি ম্যাচে তাই প্রতিশোধের লক্ষ্য সঙ্গী হচ্ছে সানরাইজার্সের।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ