Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউ ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই রয়েছে নাইট শিবির

টানা দু’দিন অজিঙ্কা রাহানেরা কাটালেন কার্যত ছুটির মেজাজেই।

লখনউ ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই রয়েছে নাইট শিবির
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা জয় পাল্টে দিয়েছে আবহ। তিন ম্যাচের দুটোতে পরাজয়ের পর যে গুমোটভাব ঘিরে ধরেছিল নাইট শিবিরকে, তা নিমেষে উধাও। ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান যেভাবে ম্যাচের পর প্রায় সকলের নাম ধরে ধরে প্রশংসা করেছেন, তাতে উদ্দীপ্ত ক্রিকেটাররা। টানা দু’দিন অজিঙ্কা রাহানেরা কাটালেন কার্যত ছুটির মেজাজেই। মঙ্গলবার সামনে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে মাঠে নামাই লক্ষ্য কেকেআরের। সেই লক্ষ্যে ইডেনে রবিবার সন্ধ্যায় ঘাম ঝরাবেন নাইটরা। শনিবারও অবশ্য প্র্যাকটিস ছিল। তবে তা যাঁরা খেলেননি, তাঁদের জন্য।

Advertisement

এরমধ্যে বেঙ্কটেশ আয়ারের ফর্মে ফেরা স্বস্তি দিচ্ছে শিবিরকে। প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর ফিসফাস শোনা যাচ্ছিল তাঁকে নিয়ে। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে ধুমধাড়াক্কা ইনিংসের পর তাতে দাঁড়ি পড়েছে। নাইটদের বোলিং কোচ ওটিস গিবসনের একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বল ছুড়ে বিশেষ প্র্যাকটিস করাচ্ছেন বেঙ্কটেশকে। প্রশ্নের উত্তরে নাইট কোচ বলেন, ‘রানের মধ্যে নেই। একটু অস্থিরও দেখাচ্ছে। আমি চাই ও যেন মাথা ঠান্ডা রাখে। সহজাত ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝাচ্ছি যে, রান না এলেও তুমি দুর্দান্ত ব্যাটার। তাই সহজাত দক্ষতায় আস্থা রাখ। কী হয়েছে তা ভেবে লাভ নেই। সামনে যা, তাতেই মন দাও।’ গিবসনের কথা মাথায় রেখেছেন বেঙ্কটেশ। নিজের উপর আস্থা হারাননি। রিঙ্কু সিংয়ের সঙ্গে তাঁর পার্টনারশিপই তফাত গড়ে দেয় ম্যাচে।
লখনউয়ের বিরুদ্ধে কলকাতার ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে। অতীতে ইডেনে মোহন বাগানের মতো সবুজ-মেরুন জার্সি পরে নেমেছে এলএসজি। দুই দলের মালিকই যে এক! সেজন্যই এই ম্যাচ নিয়ে অতীতে কিছুটা হলেও বিভাজন ঘটেছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে গত ম্যাচে নাইটরা যে দাপটের সঙ্গে সানরাইজার্সকে উড়িয়ে দিয়েছে তাতে বেগুনি-সোনালি জার্সির চাহিদা বেড়েছে ময়দানে। 
নাইট সংসারেও উৎসবের মেজাজ। কেক কেটে রীতিমতো সেলিব্রেশন হয়েছে জয়। চার ম্যাচে দুটো জয়ের পর পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছেন আন্দ্রে রাসেলরা। তবে ওপেনিং নিয়ে চিন্তা থাকছেই। কুইন্টন ডি’কক ও সুনীল নারিনের ওপেনিং জুটি একেবারেই জমাট বাঁধছে না। তবে মিডল অর্ডারে বেঙ্কটেশ, রিঙ্কু রান পাওয়ায় চিন্তা কমেছে। নতুন বলে ইমপ্যাক্ট সাব বৈভব অরোরার বিধ্বংসী মূর্তিও ভরসা দিচ্ছে দলকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ