Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির নামে ৫০ লক্ষ প্রতারণা, গ্রেপ্তার

কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির নামে ৫০ লক্ষ প্রতারণা, গ্রেপ্তার
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: কেন্দ্রীয় সরকারি সংস্থার বিভিন্ন পদে চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণা। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিস। ধৃতের নাম সুব্রত মণ্ডল ওরফে শুভ, বাড়ি বনগাঁ প্রতাপগড় এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত সুব্রত মণ্ডল পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানির কারবারের সঙ্গে যুক্ত। পেট্রাপোল সীমান্তে ল্যান্ড পোর্ট অথরিটিতে নিরাপত্তারক্ষী, সুপারভাইজার সহ একাধিক পদে চাকরি করে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির থেকে প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করেন। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। বুধবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়। বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
জানা গিয়েছে, অভিযুক্ত সুব্রত মণ্ডল পেট্রাপোল এলাকার প্রায় কুড়িজনের কাছ থেকে এক থেকে দেড় লক্ষ করে টাকা নিয়েছেন। ভুয়ো নিয়োগপত্রও দিয়েছিলেন অনেককেই। 
বিষয়টি বুঝতে পেরে তথাগত বিশ্বাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তাঁর ভিত্তিতে পুলিস তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে বেশ কিছু জাল নিয়োগপত্র উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এবিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস বলেন, অভিযুক্ত যুবক ৫০ লক্ষেরও বেশি টাকা প্রতারণা করেছেন চাকরি দেওয়ার নাম করে। তাঁর কাছ থেকে বেশ কিছু জাল নিয়োগপত্র উদ্ধার হয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ল্যান্ড পোর্ট অথরিটি কেন্দ্রীয় সরকারি সংস্থা। সেখানে চাকরি দেওয়ার নাম করে বিজেপি নেতারা রীতিমতো এজেন্ট লাগিয়ে টাকা তুলেছেন। এই চক্রে বিজেপির অনেকেই জড়িত। তবে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ধৃত সুব্রতর পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলের মিটিং মিছিলে যায়। তৃণমূলের দালালরাই ল্যান্ড পোর্ট অথরিটিতে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছেন। কেন্দ্রীয় সংস্থায় টাকা দিয়ে চাকরি হয় না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ