সংবাদদাতা, কুমারগ্রাম: অকালে প্রয়াত হলেন কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন(৩৯)। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কুমারগ্রাম ব্লকজুড়ে এবং তাঁর বাড়ি কোচবিহারের দিনহাটায়। সোমবার ভোরে ব্লক অফিস সংলগ্ন বিডিও কোয়ার্টারের একটি ঘরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। ডাকাডাকি করেও সাড়া পাচ্ছিলেন না। এরপর তড়িঘড়ি তাঁকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর এদিন দুপুরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিনই দিনহাটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
Advertisement
গৌতমবাবু ২০২৩ সালের ১ নভেম্বর কুমারগ্রামের বিডিও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার আগে তিনি দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর পদে ছিলেন। মা, স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি ব্লক অফিস সংলগ্ন কোয়ার্টারে থাকতেন। তাঁর অকাল প্রয়াণে হতবাক কুমারগ্রাম ও দিনহাটার বাসিন্দারা। তিনি দিনহাটা হাইস্কুলের ছাত্র ছিলেন। দিনহাটার বলরামপুর রোডেই তাঁর বাড়ি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, খুবই দুঃখজনক ঘটনা। কম বয়সে একজন সরকারি আধিকারিক চলে গেলেন। তাঁর লিভারের সমস্যা ছিল। পাশাপাশি হার্টেরও কিছু সমস্যা ছিল। যেহেতু নিজের কোয়ার্টারে বিডিওর মৃত্যু হয়েছে, তাই দেহের ময়নাতদন্ত করা হয়েছ। ভোরবেলা হার্ট অ্যাটাক হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সাধারণ ভোরের দিকেই কার্ডিয়াক অ্যারেস্টগুলি হয়। এদিকে, বিডিও’র মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস।



