Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কমনরুমে ধূমপান নিয়ে সংঘর্ষে উত্তাল দিনহাটা কলেজ

কমনরুমে ধূমপান নিয়ে সংঘর্ষে উত্তাল দিনহাটা কলেজ
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: ছাত্র সংঘর্ষে উত্তাল হল দিনহাটা কলেজ। বুধবার কলেজের বয়েজ কমনরুমে নেশা করা নিয়ে দু’দল ছাত্রের মধ্যে ঝামেলা বাধে। ক্রমশ তা হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে যেতেই দিনহাটা থানায় খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। দ্রুত পুলিসের বিশাল বাহিনী কলেজে হাজির হয়। গণ্ডগোল করার অভিযোগে সাতজনকে আটক করে পুলিস। কলেজ কমন রুম তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।
Advertisement
সূত্রের খবর, দিনহাটা কলেজের পড়ুয়ারা দুই দলের বিভক্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরেই এই দুই গ্রুপের মধ্যে নানা বিষয়ে ঝামেলা হচ্ছে। ছাত্রদের মধ্যে  কোন্দলের জেরে বাতিল করা হয় কলেজের নবীন বরণ অনুষ্ঠানও। ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনায় একাধিকবার পুলিসকে হস্তক্ষেপ করতে হয়। 
এদিন কিছু ছাত্র কমনরুমে ধূমপান করছিল। তা দেখে কিছু ছাত্র এসে সেটার প্রতিবাদ করে। এ নিয়েই দুই পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়। কমনরুমের  গণ্ডগোল বাইরে চলে আসে। দুইপক্ষ একে অপরকে মারধর- গালিগালাজ শুরু করে। আতঙ্কিত ছাত্রছাত্রীরা কলেজ ছেড়ে চলে যায়। অনেকেই ব্যাগ পত্র হারিয়ে ফেলে। পুলিস দ্রুত পৌঁছে কমনরমে তালা মেরে দেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগের সাত জনকে আটক করা হয়। 
দিনহাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল বলেন, কলেজের কমন রুমে ছাত্রদের মধ্যে গণ্ডগোল বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিসকে খবর দেওয়া হয়। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে কলেজ কমনরুমে গণ্ডগোল করার খবর আসে। দ্রুত পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতজন ছাত্রকে আটক করা হয়েছে। কমনরুম তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ