কমল হাসান, কমল অথবা কেএইচ। এর বাইরে অন্য কোনও তকমা বা উপপদ তাঁর নামের আগে না বসানোর অনুরোধ করলেন অভিনেতা কমল হাসান। অনেক ক্ষেত্রেই ভক্তরা ভালোবেসে তারকাদের বিভিন্ন নামে ডাকেন। কমলের নামের আগেও ‘আনন্দাভার’ বা ‘উলাগানায়াগান’-এর মতো শব্দ এতদিন বসাতেন অনুরাগীরা। এবার থেকে তা যেন আর না ব্যবহার করা হয়, সেই অনুরোধ করেছেন কমল। বিবৃতি জারি করে অভিনেতা বলেন, ‘সংবাদমাধ্যম, চলচ্চিত্র জগৎ, রাজনৈতিক দল সহ সকল ভারতবাসীকে আমি অনুরোধ করছি কমল হাসান, কমল বা কেএইচ— এই নামেই আমাকে ডাকুন।’ উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা অজিত কুমারও তাঁর নামের আগে কোনও বিশেষণ যুক্ত করতে নিষেধ করেছিলেন অনুরাগীদের।



