বেঙ্গালুরু: প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের মন্ত্রী জামির আহমেদ খান। এই কংগ্রেস নেতার ‘কালিয়া কুমারস্বামী’ মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়েছে জেডিএস ও তাদের জোটসঙ্গী বিজেপি। কংগ্রেসকে নিশানা করে জামিরের ইস্তফার দাবি তুলেছে দক্ষিণের এই রাজ্যের বিরোধী শিবির। এরইমধ্যে মঙ্গলবার জামির নিজের মন্তব্যের সাফাই দিলেন। তিনি বলেছেন, ‘আমার মন্তব্যে কেউ আঘাত পেলে, আমি ক্ষমা চাইতে প্রস্তুত।’
Advertisement
রাজ্যের মন্ত্রীর ব্যাখ্যা, ‘কুমারস্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তাঁকে আমি একথা আগেও বলেছি। এখন তা নিয়ে এত শোরগোল কীসের? আমরা বন্ধু ছিলাম। তিনি আমাকে ‘বামন’ বলতেন, আমিও তাঁকে ‘কালিয়া’ বলতাম। এখন আমার মন্তব্যে কুমারস্বামী আঘাত পেলে, আমি ক্ষমা চাইতে রাজি।’ যদিও তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামীর দল জেডিএস। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, সভ্য সমাজে এধরনের মানসিকতাসম্পন্ন ব্যক্তির কোনও জায়গা নেই। আপত্তিকর মন্তব্যের জন্য মন্ত্রীকে জবাবদিহি করতে হবে।



