নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রয়াগের কুম্ভে স্নান সেরে ফেরার পথে হুগলির দাদপুরে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস। রবিবার ভোরে দাদপুরের সোমসারাতে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ভলভো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গড়িয়ে পড়ে সড়কের পাশে থাকা একটি নয়ানজুলিতে। ঘটনার সময় চালক সহ প্রায় ৬২ যাত্রী বাসে ছিলেন। চালক সহ ২৩ জন জখম। প্রয়াগ থেকে বর্ধমান হয়ে তাঁরা উত্তর ২৪ পরগনা যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে। ধনেখালি হাসপাতালেও নিয়ে যায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে গিয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। ধনেখালি হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক ও তৃণমূলের জেলা চেয়ারম্যান অসীমা পাত্র। ধনেখালি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২৩ জনের মধ্যে ছ’জনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তুলনায় তাঁদের আঘাত গুরুতর। তাঁদের মধ্যে একটি শিশুও আছে। চুঁচুড়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জখমরা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থী বোঝাই বাসটির বেশিরভাগ যাত্রী হাবড়া, অশোকনগরের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিসের অনুমান, দীর্ঘ যাত্রাপথের ক্লান্তিতে বাসের চালক অবসন্ন হয়ে সম্ভবত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তার জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।



