Bartaman Logo
১০ জুন, ২০২৬

কুম্ভ থেকে ফেরার পথে বিহারে উল্টে গেল গাড়ি, মৃত ৫

কুম্ভ থেকে ফেরার পথে বিহারে উল্টে গেল গাড়ি, মৃত ৫
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা, ২ ফেব্রুয়ারি: পূর্ণকুম্ভের মেলা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জন পুণ্যার্থীর। গতকাল, শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুর জেলায়। মৃতদের প্রত্যেকেই নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার পুণ্যার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
জানা গিয়েছে, গাড়িটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। সকলেই নেপালের নাগরিক। পূর্ণকুম্ভে শাহী স্নান সেরে তাঁরা ফিরছিলেন। মধুবনী বাইপাসের কাছে তাঁদের চারচাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর, রাস্তায় তাঁদের গাড়ির সামনে বেপরোয়া গতিতে একটি বাইক যাচ্ছিল। বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটির গতিবেগ বেশি থাকার কারণে পরে পাঁচবার সেটি রাস্তাতেই উল্টে যায়। দুর্ঘটনার পরই বাইকের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পুলিস সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা এবং দু’জন পুরুষ। এক শিশু সহ বাকি চার জন মধুবনীর কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসিন্দারা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের দাবি, মধুবনী বাইপাসে অধিকাংশ সময়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।
Advertisement
সম্পর্কিত সংবাদ