নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহাকুম্ভে পূণ্যস্নানে গিয়ে নিখোঁজ গোবরডাঙার বৃদ্ধ। উত্তরপ্রদেশের পাশাপাশি গোবরডাঙা থানাতেও এই নিয়ে নিখোঁজের অভিযোগ হয়েছে। চারিদিকে হন্যে হয়ে খুঁজলেও বেপাত্তা অমিত রায় (৬১) নামে ওই বৃদ্ধ। কবে তিনি ফিরবেন, তা নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
Advertisement
উত্তর ২৪ পরগনার সংহতি স্টেশন লাগোয়া পায়রাগাছি তিন নম্বর কলোনির বাসিন্দা অমিত রায়। ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে যান তিনি। সঙ্গে ছিলেন আরও অনেকে। ১৩ তারিখে বাড়িতে খবর আসে যে, নিখোঁজ হয়েছেন অমিতবাবু। তড়িঘড়ি সেখানে যান ছেলে অভিষেক রায়। একাধিক জায়গায় চালানো হয় তাঁর সন্ধান। কিন্তু কোনও খোঁজ মেলেনি। বাড়িতে বসে বাবার জন্য প্রহর গুণছেন মেয়ে সঙ্গীতা দত্ত রায়। তিনি বলেন, ‘বাবা চারদিন ধরে নিখোঁজ। শুনছি বিভিন্ন ট্রেনে ঘুরছেন। এক ব্যক্তির ফোন থেকে আমাদের ফোন করে বাবা বলেছিলেন যে তিনি হারিয়ে গিয়েছেন। ওই ব্যক্তিই বাবাকে বাড়িতে পাঠিয়ে দেবেন বলেছিলেন। কিন্তু, আর বাবার সঙ্গে যোগাযোগ নেই। চিন্তায় আছি।’



