সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর গণধর্ষণ কাণ্ডে ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ধৃতদের আগামী ৪ নভেম্বর, সোমবার শনাক্তকরণের জন্য টিআই প্যারেড হবে। পরবর্তীকালে তদন্তের স্বার্থে তাদের ফের পুলিসি হেফাজতে চাওয়া হবে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও পুলিস তদন্তের কারণে এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। জানা গিয়েছে, গৃহবধূর মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। গয়েশপুরে স্বামীর সঙ্গেই থাকেন নির্যাতিতা। স্বামী পেশায় দিনমজুর। গত বুধবার সকালে স্বামীর সঙ্গেই তিনি কাঁচরাপাড়ার দিক থেকে কল্যাণীর দিকে আসছিলেন রেললাইনের পাশ দিয়ে। সেই সময় রেলসেতুর নীচে লাইনের পাশেই বসেছিল কয়েকজন যুবক। অভিযোগ, তারাই স্বামীকে হুমকি দিয়ে পাশে বসিয়ে গৃহবধূকে গণধর্ষণ করে। এরপর সেখান থেকে কোনও রকমে বেরিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কল্যাণী থানায় আট যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূর স্বামী।



