শিশুপাচার চক্রের জাল ছড়িয়েছে কলকাতা জুড়ে। আর সেই কেলেঙ্কারির তদন্তে নামছেন বনি সেনগুপ্ত। সঙ্গী কৌশানি মুখোপাধ্যায়। অয়ন দে পরিচালিত ‘কলকাতায় কেলেঙ্কারি’ ছবির গল্প আবর্তিত হবে এভাবেই। এই ছবির হাত ধরে ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি-কৌশানি। একজন পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে বনিকে। আন্ডারকভার এজেন্ট অফিসার হিসেবে তদন্ত করবেন তিনি। অন্যদিকে, কৌশানি থাকছেন বার ডান্সারের ভূমিকায়। পাশাপাশি পুরোদমে তিনি সাহায্য করবেন তদন্তে। থাকছে আরও একটি চরিত্র। শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত ডাক্তারের চরিত্রে দেখা যাবে নবাগতা সৃষ্টিকে। ‘সৃষ্টি সিনে হাউজ’-এর ব্যানারে সাসপেন্স থ্রিলার ঘরানার ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছর পয়লা বৈশাখের মরশুমে। প্রযোজনায় রামকৃষ্ণ মণ্ডল। গল্প লিখছেন সব্যসাচী মণ্ডল ও পবন। স্ক্রিন প্লে ও সংলাপ লিখছেন অনুভব ঘোষ। মিউজিকের দায়িত্বে ডাব্বু। ডিরেক্টর অব ফটোগ্রাফি রফিকুল ইসলাম।



