Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতায় গিয়ে সুব্রত বক্সির সঙ্গে দেখা করলেন রবি-পার্থ

কলকাতায় গিয়ে সুব্রত বক্সির সঙ্গে দেখা করলেন রবি-পার্থ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কলকাতায় গিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। সঙ্গে ছিলেন কোচবিহার জেলা আইএনটিটিইউসি’র সভাপতি পরিমল বর্মন, তৃণমূল কিষান খেত মজদুরের সভাপতি খোকন মিয়াঁ সহ আরও কয়েকজন নেতা। সূত্রের খবর, কোচবিহারে দলের  সাম্প্রতিক পরিস্থিতির কথা তাঁরা রাজ্য সভাপতিকে জানিয়েছেন। পাশাপাশি দলের কৃষক সংগঠনের জেলা সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে। রাজ্য সভাপতি ওই সম্মেলনে একজন প্রতিনিধি পাঠানোর কথা বলেছেন।
Advertisement
কয়েকমাস ধরে কোচবিহারে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে। জেলায় দল কার্যত দুই শিবিরে বিভক্ত। রবি, পার্থ, পরিমল, খোকন সহ আরও কিছু নেতা একসঙ্গে রয়েছেন। উল্টোদিকে দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, মন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ একঝাঁক নেতা। এই পরিস্থিতি নিয়ে দলের ভিতরে ও বাইরে ব্যাপক চর্চা চলছে। সম্প্রতি আইএনটিটিইউসি সম্মেলন করার উদ্যোগ নিয়েও তা করতে পারেনি বলে অভিযোগ। এবার কৃষক সংগঠনের সম্মেলন হওয়ার কথা। তার আগে দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করলেন তাঁরা।
জেলায় দল যেহেতু দু’ভাগে বিভক্ত তাই তার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে কতটা পড়বে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। জেলায় যখন দুই শিবিরের নেতাদের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে সেই পরিস্থিতিতে কোচবিহার থেকে কলকাতা গিয়ে একযোগে রাজ্য সভাপতির সঙ্গে দেখা করাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ মুখে কুলুপ এঁটেছেন। পার্থপ্রতিম রায় রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে তাঁদের দেখা করার কথা স্বীকার করলেও বেশি কিছু বলতে চাননি। অপরদিকে উদয়ন গুহ জানিয়েছেন, রাজ্য সভাপতির সঙ্গে দলের নেতৃত্ব দেখা করতেই পারে।
তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, কলকাতায় এসেছি। দলের রাজ্য সভাপতির সঙ্গে আমরা দেখা করেছি। সেখানে জেলার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। পরিমল বর্মনের বক্তব্য, শনিবার দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেছি। সেখানে জেলায় দলের সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরেছি।
খোকন মিয়াঁ জানিয়েছেন,জেলার বর্তমান পরিস্থিতি রাজ্য সভাপতির সামনে তুলে ধরা হয়েছে। কোচবিহারের সব খবরই তাঁরা জানেন। কোনও বির্তক না করে চুপচাপ দলের কাজ করার কথা বলেছেন। এই সাক্ষাৎকার নিয়ে উদয়ন গুহের মন্তব্য, দলের রাজ্য সভাপতির দুয়ার খোলা। কে যাবেন, না যাবেন সেটা তাঁদের বিষয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ