সংবাদদাতা, উলুবেড়িয়া: ছৌ, ঝুমুর, টুসুর মতো বাংলার লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ হাওড়া জেলার নিজস্ব লোকনাট্য ‘কালিকাপাতাড়ি’। এই লোকনাট্যের বিষয়ে অনেকেই জানেন না। হাওড়া জেলার লুপ্তপ্রায় এই লোকনাট্য নিয়ে গবেষণার জন্য ভারত সরকারের জুনিয়র ফেলোশিপ সম্মান পেলেন উলুবেড়িয়ার ট্রাঙ্ক রোড থিয়েটার দলের প্রতিষ্ঠাতা সদস্য সঙ্গীতা দত্ত। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্ট এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী সঙ্গীতা দত্তকে এই সম্মান জানানো হয়েছে। বুধবার সঙ্গীতাদেবী বলেন, এটা খুব আনন্দের খবর। ভারতের প্রতিটি লোকশিল্পকে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াই শিল্পীদের কাজ। যদিও হাওড়া জেলার লুপ্তপ্রায় নিজস্ব এই লোকনাট্য দেশের মানুষের কাছে এখনও পৌছয়নি। ছোট থেকেই নাটকের সঙ্গে যুক্ত সঙ্গীতা। তাঁর কথায়, কালিকাপাতাড়ি লোকনাট্য নিয়ে শুধু গবেষণা নয়, পাশাপাশি আগামী দিনে এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।
Advertisement
তিনি জানান, ২০২২-’২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে জুনিয়র ও সিনিয়র মিলিয়ে একমাত্র লোকনাট্য হিসেবে কালিকাপাতাড়িকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই শিল্পের সঙ্গে ছৌ-নৃত্যের কিছুটা মিল থাকলেও চরিত্রগত ভাবে আলাদা। এর মূল উৎসকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। হাওড়া জেলাতেই কালিকাপাতাড়ির সূত্রপাত। পরে তা আশপাশের জেলায় ছড়িয়ে পড়েছে।



