Bartaman Logo
১০ জুন, ২০২৬

কালাজাদুর জন্য কবর খুঁড়ে  খুলি চুরি, বিহারে গ্রেপ্তার ২

কালাজাদুর জন্য কবর খুঁড়ে  খুলি চুরি, বিহারে গ্রেপ্তার ২
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: বছর পাঁচেক ধরে অদ্ভুত ঘটনা ঘটে চলেছে গোরস্থানে। মাঝেমধেই খোঁড়া থাকে কবর। আস্ত কঙ্কাল নয়, চুরি হয়ে যায় শুধুমাত্র মাথার খুলি। এই ঘটনায় স্থানীয়দের ক্ষোভ বাড়তে থাকে। পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়। কিন্তু তদন্তে নেমে শুরুতে খালি হাতেই  ফিরতে হয়েছিল পুলিসকে। কিন্তু শেষপর্যন্ত বুধবার রহস্যের সমাধান হল। কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হল। বিহারের ভাগলপুর জেলার আসরফনগরের এই ঘটনায় ধৃতদের নাম মহম্মদ ইমদাদ ও মহম্মদ আজাদ। জানা গিয়েছে, কালাজাদু করার জন্যই এই এতদিন ধরে এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। 
Advertisement
গত পাঁচ বছর ধরেই বারবার অভিযোগ জানাচ্ছিল গ্রামবাসী। তাঁদের দাবি, ওই গোরস্থান থেকে ইতিমধ্যেই ছয়টি কঙ্কালের খুলি চুরি গেছে। ২২ জানুয়ারি একটি অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিস। স্থানীয় বাসিন্দা বদিরু জামান জানান, মাস পাঁচেক আগে তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। কিন্তু সম্প্রতি দেখা যায়, ওই কবর থেকে খুলি উধাও হয়ে গিয়েছে।  একইভাবে একটি শিশুর খুলিও চুরি হয়ে যায়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে সরাইয়া ও বোরা গ্রামে অভিযান চালায় পুলিস। আর সেখানেই গোপন ডেরা থেকে ইমদাদ ও আজাদকে গ্রেপ্তার করে। পুলিসি জেরার মুখে পড়ে অভিযুক্তরা জানান, কালাজাদুর উপকরণ হিসেবে ব্যবহৃত হত এই খুলি। এসব দেখিয়েই লোকজনের কাছ থেকে টাকা নিতেন তাঁরা। বুধবার ধৃতদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ