নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: উন্নয়নমূলক কাজের নিরিখে তিনটি পঞ্চায়েতকে পুরস্কৃত করল কালীগঞ্জ ব্লক প্রশাসন। এসমস্ত পঞ্চায়েত ১৫ অর্থ কমিশন ও পঞ্চম রাজ্য কমিশনের টাকা তাড়াতাড়ি খরচ করেছে। এদিন কালীগঞ্জ বিডিও অফিসের সভাগৃহে পুরস্কার বিতরণ করা হয়। ভালো কাজের জন্য প্রথম স্থান অধিকার করেছে ব্লকের বড়চাঁদঘর পঞ্চায়েত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কালীগঞ্জ ও মীরা-১ পঞ্চায়েত রয়েছে। এছাড়া, বেশ কিছু পঞ্চায়েতকে ভালো কাজের শংসাপত্র দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে কৃষ্ণনগর সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী, কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন সহ অন্যরা উপস্থিত ছিলেন। মহকুমা শাসক বলেন, ব্লকের তিনটি সেরা পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। যে সমস্ত পঞ্চায়েত কাজে একটু পিছিয়ে রয়েছে, তাঁদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, আমাদের সরকার উন্নয়নমূলক কাজের সঙ্গে কোনওরকম আপস করে না। কালীগঞ্জ ব্লকে ১৫টি পঞ্চায়েত রয়েছে। সিংহভাগ পঞ্চায়েতই ১৫ অর্থ কমিশন এবং পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকা উন্নয়নের কাজে খরচ করে ফেলেছে। বড়চাঁদঘর পঞ্চায়েত ১৫ অর্থ কমিশনের ৯৯.৯৪শতাংশ ও পঞ্চম রাজ্য অর্থ কমিশনের ১০০শতাংশ টাকা খরচ করে ব্লকে প্রথম হয়েছে। কালীগঞ্জ পঞ্চায়েত ১৫ অর্থ কমিশনের ৯৯.৮৩ শতাংশ এবং পঞ্চম রাজ্য অর্থ কমিশনের ৯৯.৪৭ শতাংশ টাকা খরচ করেছে। তৃতীয় স্থানে থাকা মীরা-১ পঞ্চায়েত ১৫ অর্থ কমিশনের ৯৯.২৮শতাংশ ও পঞ্চম রাজ্য অর্থ কমিশনের ৯৯.৯৩ শতাংশ টাকা খরচ করেছে। এছাড়াও বেশ কিছু পঞ্চায়েতকে ভালো কাজের জন্য শংসাপত্র দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম পানিঘাটা পঞ্চায়েত।



