Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কাল টাইসনের সামনে জেক পল

কাল টাইসনের সামনে জেক পল
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
টেক্সাস: একজনের বয়স ৫৮। অন্যজনের ২৭। একজন অবসর নিয়েছেন ১৯ বছর আগে। আর একজন পেশাদার বক্সিং শুরু করেছেন মাত্র পাঁচ বছর হল। এমন দুই অসম প্রতিদ্বন্দ্বীর রিংয়ের লড়াই ঘিরে সরগরম বক্সিং মহল। আসলে প্রথমজনের নাম যে মাইক টাইসন! স্বদেশীয় জেক পলকে শিক্ষা দিতে স্রেফ এই বাউটের জন্যই অবসর ভাঙছেন তিনি। ভারতীয় সময় শনিবার ভোরে লড়াইয়ে নামার আগে প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়নের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। সাফ জানিয়ে দিয়েছেন, রিংয়ে নেমে হারার কথা তিনি ভাবতে পারেন না। পাল্টা গর্জন ছাড়ছেন ৩১ বছরের ছোট প্রতিদ্বন্দ্বী পলও। জানিয়েছেন, বুড়ো টাইসনকে বশ মানাতে খুব একটা অসুবিধা হবে না তাঁর।
Advertisement
২০ জুলাই হওয়ার কথা ছিল এই বাউট। কিন্তু আলসারের কারণে তখন নামতে পারেননি টাইসন। এখন সুস্থ হয়ে উঠেছেন কিংবদন্তি বক্সার। ২০০৫ সালে শেষবার রিংয়ে নেমেছিলেন তিনি। বর্ণময় কেরিয়ারে মোট ৫৮টি পেশাদার ম্যাচ খেলেছেন টাইসন। জিতেছেন ৫০টি। তার মধ্যে ৪৪টি বাউটেই প্রতিপক্ষকে নক-আউট করেছেন ‘লৌহমানব’। এখানেই শেষ নয়, ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চারবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন টাইসন। অন্যদিকে, জেক পল এখন কেরিয়ারের মধ্যগগনে। পেশাদার বক্সিংয়ে ১১টি লড়াইয়ের মধ্যে তিনি জিতেছেন দশটিতেই। হার মাত্র এক। ফলে দু’জনের মধ্যে উপভোগ্য লড়াইয়ের আশায় অনুরাগীরা।
টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে হবে হাই-ভোল্টেজ ম্যাচ। টাইসনের বয়সের কথা মাথায় রেখে নিয়মে কিছু বদল করা হয়েছে। ১০ বা ১২ নয়, ফয়সালা হবে আট রাউন্ডে। তিন মিনিটের বদলে প্রতিটি রাউন্ড চলবে দু’মিনিট। জোরালো আঘাত যাতে না লাগে তার জন্য দু’জনের বক্সিং গ্লাভসের ওজনও বাড়ানো হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর রিংয়ে নামলেও তিনি এই লড়াইয়ে হারবেন না বলেই জানিয়েছেন টাইসন। তাঁর কথায়, ‘আমি হারব না। রিংয়ে নেমে হারের কথা ভাবতেই পারি না। নিজের উপর এখনও ভরসা আছে। আমি জানি, কী করতে পারি। বয়স হলেও আমার হাতের জোর কমেনি। পলকে শিক্ষা দিতে আমি তৈরি।’ অন্যদিকে, কেরিয়ারের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী জেক পল। তাঁর হুঙ্কার, ‘এই বাউটে পুরনো টাইসনকেই দেখতে চাই। প্রত্যেকে সেই আশা করছে। তবে আমি আগাম সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমার কাছে আপনাদের প্রিয় টাইসন নক-আউট হবে। এই ম্যাচ পুরো ১৬ মিনিট চলবে না।’
অনেকে মজা করে বলছেন দাদু-নাতির লড়াই। তবু টাইসন নামের এমনই মহিমা যে, সেই অসম বাউট ঘিরেই টগবগ করে ফুটছে টেক্সাস।
সম্পর্কিত সংবাদ