Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা খরচে বাস পরিষেবা

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা খরচে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এগিয়ে এল তৃণমূল পরিচালিত কাঁকসার শিবপুর বাস ইউনিয়ন ও মালিক সংগঠন। কাঁকসার বিদবিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার রুটের বাসগুলিতে পরীক্ষার্থীদের থেকে কোনও ভাড়া নেওয়া হচ্ছে না।

কাঁকসায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা খরচে বাস পরিষেবা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা খরচে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এগিয়ে এল তৃণমূল পরিচালিত কাঁকসার শিবপুর বাস ইউনিয়ন ও মালিক সংগঠন। কাঁকসার বিদবিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার রুটের বাসগুলিতে পরীক্ষার্থীদের থেকে কোনও ভাড়া নেওয়া হচ্ছে না। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে স্বল্পসময়ের ব্যবধানে বাস ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার পরীক্ষার দিন থেকে শিবপুর বাস ইউনিয়ন পরীক্ষার্থীদের ভাড়া নেয়নি। মঙ্গলবার পরীক্ষার্থীদের পেন, টিফিন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাস ইউনিয়নের সূত্রে জানা যায়, ওই রুটে ১৪টি বাস চলে। ২০ মিনিটের ব্যবধানে বাস গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেজন্য ১০ মিনিটের ব্যবধানেও বাস চালানো হচ্ছে।
Advertisement
বাস ইউনিয়নের তরফে দীপক ঘোষ বলেন, জামদহ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরে পরীক্ষা দিতে আসছে। তাদের যাতে যাতায়াতে অসুবিধা না হয় তা দেখা হচ্ছে। মঙ্গলবার ইউনিয়নের পক্ষ থেকে ১৩০জন পড়ুয়ার হাতে টিফিন, পেন ইত্যাদি তুলে দেওয়া হয়। গত বছরও এই পরিষেবা দেওয়া হয়েছিল। পরীক্ষার্থী সজল বাগদি বলে, সময়ে বাস পাচ্ছি। কোনও অসুবিধা হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, বাস ইউনিয়নের পদাধিকারী, মালিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের রুটে যেসব পরীক্ষার্থী যাবে তাদের বিনামূল্যে নিয়ে যাওয়া হবে। বাস মালিক সমীর ভদ্র বলেন, ইউনিয়নের সঙ্গে মালিকদের যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে পরীক্ষার্থীদের জন্য এই সুবিধা থাকছে। গত বছরও এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ