সংবাদদাতা, মানকর: আবাসনের লিফট ছিঁড়ে বৃহস্পতিবার আহত হলেন এক সেনা জওয়ান। কাঁকসার বামুনাড়ার এক বহুতল আবাসনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আবাসনের বাসিন্দারা। আহত ওই ব্যক্তির নাম কৃষাণু বন্দ্যোপাধ্যায় (৩৪)। আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই এদিন ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা। তাঁরা জানান, কৃষাণুবাবু ৫৮ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে নীচে নামার জন্য লিফটে চেপেছিলেন। আচমকা তার ছিঁড়ে নীচে পড়ে যায় লিফট। নিরাপত্তারক্ষী ও আবাসিকরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন। লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে কৃশানুবাবুকে উদ্ধার করেন। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আবাসিক আলোক চট্টোপাধ্যায় বলেন, মর্মান্তিক ঘটনা ঘটল। আমাদের ফায়ার একজিট কিছু নেই। লিফটে আগুন লাগলে নীচে আসতে পারব না। লিফটের রক্ষণাবেক্ষণ হয় না। কিছুদিন আগেও একই সমস্যা হয়েছিল। সেখানেও কয়েকজন আহত হয়েছিলেন। আবাসিক তাপস পাল বলেন, ওই জওয়ান তিনদিনের ছুটিতে বাড়ি এসেছেন। উপর থেকে নীচে নামছিলেন। চতুর্থ তলায় এসে লিফট ধাক্কা মারে এবং নীচে চলে আসে। ওঁর আঘাত গুরুতর। ওঁকে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এই লিফটেই চার বছর আগেও একই ঘটনা ঘটেছে। তখনও বিল্ডারকে জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। যাঁরা দশ তলায় থাকেন তাঁরা কেউ ভয়ে এখন লিফট ব্যবহার করছেন না। আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, একাধিকবার লিফট ছিঁড়ে পড়েছে। আবাসন কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। যদিও আবাসন কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যার সমাধানেরও চেষ্টা করা হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজর বাড়ানো হবে। দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



