Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কংক্রিটের দেওয়াল কেটে মোবাইলের দোকানে চুরি

কংক্রিটের দেওয়াল কেটে মোবাইলের দোকানে চুরি
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি বাজারে কংক্রিটের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা রবিবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। বাজারের মধ্যে এমন ঘটনায় পুলিসি নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এলাকাবাসী ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বাজারের ব্যবসায়ী সাদ্দাম হোসেনের মোবাইলের দোকানে রাতে চুরি হয়। দোকানের পিছন দিকে  কংক্রিটের দেওয়াল কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী। খুলে নিয়ে যাওয়া হয়েছে সিসি ক্যামেরার হার্ডডিস্ক। 
Advertisement
সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিস। ঘটনাস্থল খতিয়ে দেখেন মাথাভাঙা সার্কেল ইন্সপেক্টর অজয়কুমার মণ্ডল, শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো সহ অন্য পুলিস আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমে পুলিস ঘটনাস্থল থেকে উদ্ধার করে ছেনি, স্ক্রু ড্রাইভার। দোকানের পিছন থেকে উদ্ধার হয় মোবাইলের একাধিক প্যাকেট। 
তবে থানার অদূরেই চুরির ঘটনায় পুলিসি নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ব্যবসায়ীরা। দোকান মালিক সাদ্দাম হোসেন বলেন, শনিবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যাই। সচরাচর রবিবার দোকান বন্ধ থাকে। সকালে পাশের এক ব্যবসায়ী ফোন করে বিষয়টি জানান। দোকান খুললে চুরির ঘটনা নজরে আসে। দেওয়াল কেটে দোকানের ভিতরে ঢুকে লকার ভেঙে প্রায় ৩৮টি দামি মোবাইল নিয়ে গিয়েছে চোর। থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস ঘটনার তদন্ত করে দুষ্কৃতীকে চিহ্নিত করে পাকড়াও করুক। 
শীতলকুচি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, পুলিস ঘটনার তদন্ত করছে। আশা রাখছি, দ্রুত ওই ঘটনায় দোষীরা ধরা পড়বে। শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানান, লিখিত অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্দেহজনক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ