নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনের মধ্যেই বেজে গেল আইপিএলের দামামা। মঙ্গলবারই কলকাতায় পা রাখতে শুরু করেছেন কেকেআরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা। কোচ চন্দ্রকান্ত পন্ডিত, নতুন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, অ্যানরিখ নর্তজে, কুইন্টন ডি’ককরা চেক ইন করেছেন টিম হোটেলে। বুধবার শহরে পা রাখবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও রভম্যান পাওয়েলরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেনসার জনসন ও গুরবাজকে কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারও দলকে চূড়ান্ত সাফল্য এনে দিতে প্রত্যয়ী কোচ চন্দ্রকান্ত পন্ডিত। শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। এবারও সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর।’ উল্লেখ্য, আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামছে কেকেআর। প্রস্তুতি প্রসঙ্গে চন্দ্রকান্ত পন্ডিতের মন্তব্য, ‘বেশিরভাগ ক্রিকেটারই শিবিরে পৌঁছে গিয়েছে। বুধবার থেকেই অনুশীলনে নেমে পড়বে ক্রিকেটাররা।’ অবশ্য মেগা নিলামে চ্যাম্পিয়ন দলের একাধিক গুরুত্বপূণ ক্রিকেটারকে ধরে রাখতে ব্যর্থ ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন শ্রেয়স আয়ার ঠিকানা বদলে পাঞ্জাবে গিয়েছেন। মিচেল স্টার্ক, ফিল সল্ট, নীতীশ রানাও দল পরিবর্তন করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, মেন্টর গৌতম গম্ভীরকেও পাচ্ছেন নাইটরা। গতবারের খেতাব জয়ের মাস্টারমাইন্ড গোতি এখন ভারতীয় দলের হেড কোচ। তাঁর অভাব ঢাকা বড় চ্যালেঞ্জ কোচ চন্দ্রকান্ত পন্ডিতের। তবে নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে বেশ অভিজ্ঞ। অতীতে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তাই নাইটদের পালস তিনি বোঝেন। পাশাপাশি সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট উজ্জ্বল। সেই ছন্দ আইপিএলেও বজায় রাখতে চাইবেন। বোলিংয়ে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের উপর অনেকটাই দলের ভাগ্য নির্ভর করবে। পেস বিভাগে অ্যানরিখ নর্তজে, উমরান মালিক, স্পেনসার জনসনের মতো স্পিডস্টার রয়েছেন।
এদিকে, আসন্ন মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতা হিসেবে লোকেশ রাহুলকে ভাবা হচ্ছিল। তবে তারকা ক্রিকেটার দায়িত্ব নিতে চাইছেন না। তাই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে অক্ষর প্যাটেলের হাতে। পাশাপাশি টুর্নামেন্ট শুরু ক’দিন আগে হ্যারি ব্রুক আইপিএল থেকে সরে দাঁড়ানোয় বড় ধাক্কা খেল রাজধানীর ফ্র্যাঞ্জাইজিটি। আসলে জস বাটলার দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের নতুন অধিনায়ক হতে চলেছেন ব্রুক। তাই জাতীয় দলে মনঃসংযোগ করতেই এমন সিদ্ধান্ত তাঁর। তবে তাতে আগামী দু’মরশুমের জন্য আইপিএল থেকে নির্বাসিত হতে পারেন তিনি। কারণ, বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, কোনও বিদেশি ক্রিকেটার যদি নিলামে বিক্রি হওয়ার পর নাম তুলে নেন শাস্তির মুখে পড়বেন। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশের ফেরার পরই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া।