Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কোহলিদের বিরুদ্ধে কঠিন লড়াই, সাফল্য ধরে রাখতে মরিয়া কেকেআর

জমে উঠেছে প্লে-অফের অংক। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের বিদায় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলে প্রথম চারটি জায়গার জন্য লড়ছে বাকি আটটা দল।

কোহলিদের বিরুদ্ধে কঠিন লড়াই, সাফল্য ধরে রাখতে মরিয়া কেকেআর
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

রায়পুর: জমে উঠেছে প্লে-অফের অংক। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের বিদায় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলে প্রথম চারটি জায়গার জন্য লড়ছে বাকি আটটা দল। এই আবহেই বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৪ পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে অজিঙ্কা রাহানে ব্রিগেডের ঝুলিতে ৯ পয়েন্ট। প্লে-অফে উঠতে গেলে কলকাতাকে বাকি ম্যাচগুলিতে জিততেই হবে। এই পর্যায়ে একটা ভুল মানেই স্বপ্ন চুরমার।          এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে নাইট শিবিরের চিন্তা বাড়িয়েছে বরুণ চক্রবর্তীর চোট। সাম্প্রতিক এক ভিডিয়ো পোস্টে তাঁকে ক্রাচ হাতে হাঁটতে দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন সোনালি-বেগুনি সমর্থকরা। প্রতিযোগিতা থেকেই তিনি ছিটকে গেলেন না তো, জল্পনা শুরু হয়। নাইট ভক্তদের কিছুটা আশায় রেখে মঙ্গলবার বরুণ অবশ্য মাঠে আসেন। খানিকক্ষণ বলও করেন। তারপরও বিরাট কোহলিদের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় থকেছে। নাইটদের সহকারী কোচ শেন ওয়াটসনের গলাতে ধোঁয়াশা, ‘আমরা ওর খেলার জন্য প্রার্থনা করছি। তবে এখনও নিশ্চিত নই। পর্যবেক্ষণের মধ্যে রয়েছে বরুণ। গত দুটো ম্যাচে প্রচণ্ড ব্যথা নিয়েও খেলেছে এবং ভালোই বল করেছে।’

Advertisement

শুধু ভালো বলই নয়, নাইটদের টানা চার ম্যাচ জেতায় বড় অবদান রয়েছে বরুণের। চোট সারিয়ে ফিরে গত ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১০ উইকেট। এর মধ্যে দুটোতে ম্যাচের সেরাও তিনি। অথচ, এবারের প্রতিযোগিতায় শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচে আসেনি উইকেট। উলটে চোট পেয়ে বসতে বাধ্য হন। সুস্থ হয়ে ফেরার পর অবশ্য সুনীল নারিনের সঙ্গে বরুণের জুটি সুপারহিট। কোনও সন্দেহ নেই রজত পাটীদারের দলকে থামাতে স্পিনই কেকেআরের সেরা অস্ত্র। বরুণ-সুনীলের সঙ্গে থাকছেন আরও এক স্পিনার অনুকূল রায়। ত্রয়ীকে কেন্দ্র করেই মাঝের ওভারগুলোয় বিপক্ষ ব্যাটিংকে চ্যালেঞ্জ ছুড়ছে নাইটরা। কিন্তু বরুণ না খেললে রণকৌশলই পালটে যেতে বাধ্য কলকাতার। 
এদিন রায়পুরে প্র্যাকটিসের ফাঁকে দেখা গেল নাইট শিবিরে এসে গল্প জুড়েছেন কোহলি। সেখানে প্রাক্তন সতীর্থ ওয়াটসন ছাড়াও আছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচীন রবীন্দ্ররা। তবে বন্ধুত্বের আবহ মাঠের বাইরেই রাখছেন তিনি। এক বছর আগে ১২ মে তারিখেই বিদায় জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে। তবে এক বছর পরও কমেনি রানের খিদে। রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে। গত দু’ম্যাচে খাতা খুলতে না পারায় বুধবার রানের জন্য মরিয়া থাকবেন তিনি। এদিন নেটে লম্বা সময় ধরে বরুণের মতো বোলিং স্টাইলের একজনকে খেললেন দীর্ঘক্ষণ। ভিকের বাড়তি তাগিদ দেখে সতর্ক নাইট শিবির। সহকারী কোচ ওয়াটসনের কথায়, ‘আমরা চাই, বিরাট যেন শুরুতে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে একটা ভুল শট খেলে। ওকে দ্রুত ফেরানোটা অত্যন্ত জরুরি।’
যা খবর, ওপেনিংয়ে ফিল সল্ট আসতে পারেন কোহলির সঙ্গে। দেবদূত পাদিক্কাল, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ডদের উপস্থিতিতে ব্যাটিং শক্তিশালী। অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াও বড় ভরসা। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউডের মতো পেসাররা আবার শুরুতে পরীক্ষায় ফেলবেন রাহানে ব্রিগেডকে। ঝড় তোলার জন্য সদ্য শতরানকারী অ্যালেনের দিকেই তাকিয়ে শিবির। তবে ফোকাসে থাকছেন বরুণই!

Advertisement
সম্পর্কিত সংবাদ