নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের পড়ন্ত বিকেল! ইডেনের ক্লাবহাউসের সামনে কলকাতা নাইট রাইডার্সের বাস থামতেই হঠাত্ ভিড় জমে গেল। ‘করব লড়ব জিতব’রে স্লোগানে মুখরিত গোষ্ঠ পাল সরণি। কিন্তু, এ কী! অভিষেক নায়াক, অজিঙ্কা রাহানেদের সঙ্গে বাস থেকে নামছেন নবদীপ সাইনি, আকাশ মাদওয়াল, সিমরজিত্ সিং। এই তিন পেসার তো নিলামে অবিক্রিত ছিলেন! কেকেআরে আবার কবে যোগ দিলেন? জানা গেল, তাঁরা ট্রায়ালের জন্য এসেছেন। চোটগ্রস্ত হর্ষিত রানার বিকল্প খুঁজছে কেকেআর। তাই সাইনি, সিমরজিৎদের পরখ করে নেওয়ার জন্য প্র্যাকটিসে ডেকেছেন কোচ অভিষেক নায়ার।
মিনি নিলামে এবার ঢেলে দল সাজিয়েছিল নাইট রাইডার্স। কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির স্পিন বিভাগ এমনিতেই শক্তিশালী। তার উপর টি-২০ স্পেশালিস্ট মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, আকাশদীপদের সংযোজন! মনে হচ্ছিল কেকেআরের বোলিং বিপক্ষের ঘুম কাড়বে। কিন্তু বল গড়ানোর আগেই মিনি হাসপাতাল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। চোটের লম্বা তালিকায় নাম লিখিয়েছেন পাথিরানা, আকাশদীপ। হর্ষিত তো ছিটকেই গিয়েছেন। আর বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে আগেই ছেড়ে দিতে হয়েছে। তাহলে কেকেআরের পেস বিভাগের হাল কে ধরবে? উমরান মালিক? তিনি তো জম্মু ও কাশ্মীরের রনজি দলেই সুযোগ পান না! নাকি তরুণ বৈভব আরোরা বা কার্তিক ত্যাগী! বলাই বাহুল্য, নিলামে পেস বিভাগ স্বপ্ন দেখাচ্ছিল নতুন কোচ নায়ারকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাতে সিঁদুরে মেঘ। তাই বাধ্য হয়েই নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে কেকেআরের হেড স্যারকে। মুস্তাফিজুরের বিকল্প হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে ব্লেসিং মুজারাবানিকে। কিন্তু টি-২০ বিশ্বকাপ ছাড়া ভারতের মাটিতে তেমন খেলার অভিজ্ঞতা নেই তাঁর। তাই বৈভব অরোরা, উমরান মালিকরাই ভরসা কেকেআরের। বৃহস্পতিবার অনুশীলনেও কার্তিক ত্যাগী বা উমরানের সঙ্গে আলাদা করে আলোচনা সারলেন ডোয়েন ব্র্যাভো, নায়াররা।
বোলিং নিয়ে এই চাপা টেনশন অবশ্য প্র্যাকটিস দেখে বোঝার উপায় নেই। বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে ফান গেমে পুরো শিবিরকে মাতিয়ে রাখলেন নতুন ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক। এদিন শুরুতেই পুরো টিমকে দু’টি ভাগে ভাগ করা হয়। টিম পার্পেল ও টিম গোল্ড। তারপর চলল ডাইরেক্ট হিট চ্যালেঞ্জ। টিমের কোনও ক্রিকেটার লক্ষ্যে হিট করতে পারলেই বিপক্ষ শিবিরের একজনকে তাঁর জামা খুলতে হবে। এমন অভিনব ফিল্ডিং ড্রিলের পর নেটে ব্যাট করলেন অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা। শুক্রবার নিজেদের মধ্যে দু’টি দলে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে নাইট-ব্রিগেড।