Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোকোপিট: নয় পুরসভাকে   কাঁচামাল সরবরাহের নির্দেশ

কোকোপিট: নয় পুরসভাকে   কাঁচামাল সরবরাহের নির্দেশ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির উত্তরপাড়ায় তৈরি হওয়া কোকোপিট প্রকল্পের প্রশংসা করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা (সুডা)। হুগলির একাধিক পুরসভাকে এই প্রকল্পে কাঁচামাল সরবরাহের নির্দেশও দিয়েছে তারা।
Advertisement
কোকোপিট প্রকল্পে মূলত ডাব বা নারকেলের খোসা থেকে সার তৈরি হয়। সুডার বক্তব্য, পুরসভাগুলিতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প আছে। কিন্তু সেখানে ডাব বা নারকেলের খোলা নষ্ট করা কঠিন হয়ে পড়ে। এবার পুরসভাগুলি বর্জ্য থেকে ডাবের খোলা বাছাই করে উত্তরপাড়াকে দেবে। এর ফলে উত্তরপাড়ায় কাঁচামালের আমদানি বাড়বে।
সুডা সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সুডার ডিরেক্টর নির্দেশিকা জারি করেছিলেন। হুগলির ন’টি পুরসভাকে উত্তরপাড়ার জন্য কাঁচামাল সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। হুগলির জিটি রোড ধরে চুঁচুড়া পর্যন্ত সমস্ত পুরসভাকে এলাকার বর্জ্য ও ডাবের খোলা সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে বাঁশবেড়িয়া ও ডানকুনি পুরসভাকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘বিষয়টি খুবই আনন্দের। সুডা আমাদের প্রকল্পের পরিচ্ছন্নতা ও বিকল্প বর্জ্য ব্যবস্থাপনা দেখেছে। তাই কাঁচামালের সরবরাহ বাড়াতে নিজেরাই উদ্যোগ নিয়েছে। এটি কার্যত বেনজির একটি সিদ্ধান্ত এবং উত্তরপাড়া পুরসভার জন্য বাড়তি সম্মান।’ হুগলির বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ‘সুডার নির্দেশ আমরা পেয়েছি। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশে বলা হয়েছে, উত্তরপাড়া পুরসভা থেকে গাড়ি এসে কাঁচামাল নিয়ে যাবে। তাতে আমাদের সুবিধাই হবে।’
শহরে সাফাইয়ের কাজে গতি আনতে ডাবের খোলা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল উত্তরপাড়া পুরসভা। তারপর কোকোপিট তৈরির প্রকল্প হাতে নেয়। ইতিমধ্যেই কারখানায় মাটির বিকল্প হিসেবে কোকোপিট তৈরি হচ্ছে। তা জনপ্রিয় হয়েছে। এবার বাড়তি মাত্রা যোগ করল সুডার নির্দেশ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ