সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপের জোড়া খুনের তদন্তের দায়িত্বভার পাওয়ার পর ঘটনাস্থলে এলেন আইজি মুরলীধর শর্মা। শনিবার দুপুর ১২টা নাগাদ তিনি প্রায় দশ জনের একটি টিম নিয়ে কাকদ্বীপের বুধাখালি গ্রামে আসেন। প্রথমে তিনি সিপিএম সমর্থক মৃত দম্পতির বাড়ির এলাকা ঘুরে দেখেন। এরপরই তিনি ওই এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগের দিন সিপিএম সমর্থক দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ, ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে সেই সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপেক্ষিতে সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থা আইপিএস মুরলীধরকে বিশেষ তদন্তকারী দলের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর তিনি এদিন তিন ফরেন্সিক অফিসার, লালবাজারের পুলিস অফিসার, এই ঘটনার তৎকালীন স্থানীয় থানার তদন্তকারী অফিসার সহ টেকনিক্যাল টিমকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। মৃত দম্পতির বাড়ির আশেপাশের এলাকা ঘুরে দেখেন। ওই এলাকার ইলেকট্রিক পোস্টগুলিতে আলো জ্বলে কি না, প্রতিবেশীদের কাছে জানতে চান। বাড়ির চারপাশের স্টিল ও ভিডিওগ্রাফি করা হয়। নির্দিষ্ট দূরত্ব থেকে থ্রিডি ক্যামেরার মাধ্যমে ওই এলাকা স্ক্যানও করা হয়।



