সংবাদদাতা, কাকদ্বীপ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হাতিবাড়ি এলাকায়, ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত ব্যক্তির নাম শঙ্কর বিশ্বাস (৪০)। বাড়ি কাকদ্বীপের পূর্ব স্টিমারঘাট এলাকায়। সোমবার দুপুরে একটি মেশিন ভ্যানে করে শঙ্কর তিনজনের সঙ্গে ডায়মন্ডহারবারের পাইকারি বাজারে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। মাছ বিক্রির পরে রাতে তাঁরা মেশিন ভ্যানে করেই কাকদ্বীপে ফিরছিলেন। রাত ১১টা নাগাদ হাতিবাড়ির কাছে ডায়মন্ডহারবারমুখী একটি লরির সঙ্গে মেশিন ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।



