Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেজরিওয়ালের ‘শিশমহল’ নিয়ে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র, বিপাকে আপ সুপ্রিমো

কেজরিওয়ালের ‘শিশমহল’ নিয়ে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র, বিপাকে আপ সুপ্রিমো
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি: দিল্লির বিধানসভা ভোটে বিজেপি নেতাদের মুখে একটাই কথা ছিল। সেটা হল, ‘শিশমহল’। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল যে সরকারি বাসভবনে থাকতেন তাকেই কটাক্ষ করে ‘শিশমহল’ বলতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহেরা। দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের ওই বাংলোতে ২০১৫ সাল থেকে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির অভিযোগ ছিল কেজরিওয়াল ওই বাসভবনের সংস্কার করিয়েছিলেন। আর সেই সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধুমাত্র নিজের বাসভবন সংস্কার করবেন বলে একাধিক নিয়ম ভাঙেন কেজরিওয়াল। এমনটাই অভিযোগ। এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করল কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ ছিল, কেজরিওয়াল সরকারি বাসভবনে জাকুজি বসিয়েছিলেন। গেরুয়া শিবিরের আরও অভিযোগ, দিল্লির ওই বাসভবনটি সংস্কারের পর অনেকটা এলাকায় সম্প্রসারিত করা হয়েছে। অন্তত চারটি সরকারি জমি বেআইনি ভাবে আত্মসাৎ করে মুখ্যমন্ত্রীর বাসভবনটি সংস্কার এবং সম্প্রসারণ করা হয়েছে। যা নিয়ে তদন্তের দাবি জানিয়ে, লেফ্টেন্যান্ট গভর্নরকে চিঠি দেন দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ওই বাসভবন ছেড়ে দেন আপ সুপ্রিমো। তারপর গত অক্টোবর মাসে সেই বাসভবন নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় পূর্ত দপ্তর। তাতে ওই বাসভবনে রয়েছে এমন একাধিক বিলাসবহুল আসবাব, যন্ত্রপাতির কথা বলা হয়েছিল। এবার সেই পূর্ত দপ্তরের কাঁধেই বাসভবনের তদন্তের দায়িত্ব তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় পূর্ত দপ্তরের আধিকারিকরা বাসভবনটি পরিদর্শন করে গত ১৩ ফেব্রুয়ারি একটি রিপোর্ট জমা দিয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ