চেন্নাই: কুড়ি ওভারের ক্রিকেটে আফগানিস্তান বরাবরই বিপজ্জনক। গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে কাবুলিওয়ালার দেশ। বাইশ গজের লড়াইয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের মতো শক্তিকেও বশ মানিয়েছেন রশিদ খানরা। এবারের টি-২০ বিশ্বকাপেও চমক দিতে তৈরি আফগান ব্রিগেড। অন্যদিকে, নিউজিল্যান্ড দলেও উত্তেজক ক্রিকেটের প্রচুর মাল-মশলা। রবিবার সকালে চিপকে দু’দলের মধ্যে গ্রুপ ‘ডি’র প্রথম ম্যাচ ঘিরে তাই আগ্রহ বাড়ছে।
মিচেল স্যান্টনারের নেতৃত্বে কিউয়িরা অবশ্য সেরা ছন্দে নেই। সদ্য ভারতের কাছে দ্বিপাক্ষিক সিরিজে হারতে হয়েছে ১-৪ ব্যবধানে। তবে আইসিসি’র আসরে নিউজিল্যান্ড বরাবরই ভালো পারফরম্যান্স মেলে ধরে। ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, টিম সেফার্ট, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যানরা আছেন ঝড় তোলার দায়িত্বে। বোলিংয়ে লকি ফার্গুসন মানেই বাড়তি গতি। স্পিনার হিসেবে স্যান্টনার ছাড়াও রয়েছেন ঈশ সোধি। অন্যদিকে, রশিদরা অঘটন ঘটানোর ক্ষমতা ধরেন। আফগানদের বড় শক্তি স্পিন আক্রমণ। রশিদ ছাড়াও মুজিব উর রহমান, নূর আহমেদ স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত। চিপকের পিচে বাড়তি সাহায্য পাবেন তাঁরা। ব্যাটিংয়ে বড় ভরসা রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। সবমিলিয়ে দারুণ ভারসাম্য রয়েছে দলটায়। অভিজ্ঞ কিউয়ি ব্রিগেডও তাই তাদের সমীহ করছে।
রবিবারের দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ে ইংল্যান্ডের মুখোমুখি নেপাল। গ্রুপ ‘সি’র এই ম্যাচে সহজেই জেতা উচিত ব্রিটিশদের। হ্যারি ব্রুকের দল রীতিমতো তৈরি হয়ে এসেছে কাপযুদ্ধে। শেষ ১৭টা টি-২০ ম্যাচের মধ্যে ১৬টিতে জয়ী তারা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই বাটলার, ডাকেট, সল্ট, ব্যান্টন, উইল জ্যাকসদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নেপালের জন্য।
কলম্বোয় দিনের অপর ম্যাচে মাঠে নামছে যুগ্ম-আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’র ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সদ্য ইংল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে দুরমুশ হয়েছে দাসুন শানাকার দল। তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অপেক্ষাকৃত দুর্বল আইরিশদের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার আশায় শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ড : আফগানিস্তান (সকাল ১১টা) ইংল্যান্ড : নেপাল (দুপুর তিনটে) শ্রীলঙ্কা : আয়ারল্যান্ড (সন্ধ্যা ৭টা)
* সম্প্রচার স্টার স্পোর্টস
ও জিওহটস্টারে।