• তৃতীয়বার পরিচালকের আসনে বসছেন কিরণ রাও। ২০১০ সালে ‘ধোবি ঘাট’ পরিচালনা করেছিলেন তিনি। বহুল প্রশংসিত হওয়ার পরেও কিরণের পরবর্তী কাজ মুক্তি পেতে সময় লেগেছিল ১৪ বছর। ২০২৪ সালে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। দর্শক-সমালোচক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল কিরণের সহজ, সরল গল্প বলার ধরন। এই আবহে তৃতীয় পরিচালনার কাজ শুরু করতে চলেছেন কিরণ। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’ সিজন ৩-এর একটি গল্প পরিচালনা করবেন কিরণ। তিনি ছাড়াও বিক্রমাদিত্য মোটওয়ানে, শকুন বাত্রার পরিচালিত গল্পও দেখা যাবে অ্যান্থলজিতে। বলিউডের একাধিক জনপ্রিয় তারকাকে দেখা গিয়েছিল গত দু’টি সিজনে। এই সিজনেও তেমনই কয়েকজন তারকা থাকবেন বলে খবর। যদিও কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের শুরুর দিকে ‘লাস্ট স্টোরিজ ৩’ মুক্তি পাবে।



