Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার অপরাধ নিয়ে অভিযোগ জানাতে হাওড়ায় চালু হল কিয়স্ক, হেল্পলাইন নম্বর

সাইবার অপরাধ নিয়ে অভিযোগ জানাতে  হাওড়ায় চালু হল কিয়স্ক, হেল্পলাইন নম্বর
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাধারণ মানুষকে সর্বস্বান্ত করতে নিত্যনতুন পন্থা অবলম্বন করছে সাইবার অপরাধীরা। কখনও পুলিসের নাম করে হুমকি, কখনও এটিএম পিন জালিয়াতি, আবার কখনও বা কিউআর কোডের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় থানায় প্রতারিত ব্যক্তির অভিযোগ জমা থেকে সাইবার থানা পর্যন্ত তা যেতেই দীর্ঘ সময় লেগে যায়। সেকারণে বিলম্বিত হয় তদন্ত প্রক্রিয়া। তাই সাধারণ মানুষ যাতে সহজে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারেন, সেকারণে সাইবার হেল্প কিয়স্ক চালু করল হাওড়া সিটি পুলিস। সোমবার টিকিয়াপাড়ায় হাওড়া সাইবার ক্রাইম থানার পাশে তিনটি হেল্প কিয়স্কের উদ্বোধন করেন পুলিস কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, সাইবার ক্রাইম থানার পাশে এই তিনটি হেল্প কিয়স্কে সব সময় কোনও না কোনও পুলিসকর্মী থাকবেন। সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনও অভিযোগ দায়ের কিংবা তথ্য জানার জন্য হাওড়াবাসী সরাসরি যোগাযোগ করতে পারবেন এই কিয়স্কগুলিতে। সাইবার হেল্প কিয়স্ক তিনটির ফোন নম্বর হল— ৯১৪৭৮৯০৪৮২, ৯১৪৭৮৯০৪৮৩ ও ৯১৪৭৮৯০৪৮৪। এদিন কিয়স্ক উদ্বোধনের পর পুলিস কমিশনার বলেন, ‘সাইবার অপরাধের শিকার হলে এতদিন সাধারণ মানুষ নিকটবর্তী থানায় যেতেন। সেখান থেকে তাঁর অভিযোগ সাইবার ক্রাইমে পাঠানো হতো। তারপর তদন্ত শুরু হতো। এতে সময় অনেকটাই ব্যয় হয়। হেল্প কিয়স্ক চালু হলে তদন্ত দ্রুত হবে।’ পুলিসের দাবি, আর্থিক প্রতারণার ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত প্রক্রিয়া শুরু করতে হয়। সেক্ষেত্রে সময় নষ্ট হলে টাকা উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে যায়। পাশাপাশি অপরাধীও যাবতীয় প্রমাণ লোপাট করে বেপাত্তা হয়ে যায় সহজে। 
গত কয়েক মাসে হাওড়া পুলিস কমিশনারেটের বিভিন্ন থানায় দায়ের হওয়া বেশ কয়েকটি জটিল অনলাইন আর্থিক প্রতারণার তদন্তের কিনারা করেছে পুলিস। এবার হেল্প কিয়স্কের মাধ্যমে তদন্তে আরও গতি আনতে চাইছে হাওড়া সিটি পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ