


কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘কিফালক–যাপনচিত্র উৎসব ২০২৬’। যাপনচিত্র ফাউন্ডেশন এবং ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচার’-এর যৌথ উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত উত্সব আয়োজিত হবে কিফালক সেন্টার, শিশির মঞ্চ, গগনেন্দ্র প্রদর্শনীশালা এবং নন্দন ৩-এ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জহর সরকার, শান্তনু বসু, প্রদীপ খেমকা, প্রবাল কুমার বসু এবং বর্ণালী রায়ের মতো বিশিষ্টরা। আয়োজকরা জানিয়েছেন, সমীর আইচ ও সনাতন দিন্দার মতো শিল্পীর উপস্থতিতে পরিচালিত চার দিনব্যাপী ‘বার্ষিক আর্ট ওয়ার্কশপ’ হবে। দেবজ্যোতি মিশ্র ও তাঁর দলের পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘লক্ষ্মীছাড়া’-র লাইভ মিউজিক উপভোগ করবেন দর্শক। এ ছাড়াও শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে ‘কিফালক–যাপনচিত্র পুরস্কার’।