Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোর্টে গোপন জবানবন্দি অপহৃত ব্যবসায়ীর

কোর্টে গোপন জবানবন্দি অপহৃত ব্যবসায়ীর
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উদ্ধার সেই ব্যবসায়ীর গোপন জবানবন্দি নেওয়া হল শিলিগুড়ি আদালতে। সমস্ত ঘটনাক্রম এবং অভিযুক্তদের নাম সমস্তটাই জবানবন্দিতে আদালতে ওই ব্যবসায়ী অভিযোগ আকারে জানিয়েছেন বলে আদালত সূত্রে খবর। প্রধাননগর থানা ব্যবসায়ী দেওয়া তথ্য অনুযায়ী তদন্ত শুরু করেছে। 

Advertisement

থানা সূত্রে খবর, অপরাধীদের ধরতে একাধিক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে পুলিসের তদন্তকারীদের দাবি। বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিস জানিয়েছে। সব মিলিয়ে শহরে অপহরণের ঘটনায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের শীর্ষ কর্তাদের দাবি, ভয়ের কিছু নেই। দুষ্কতী ধরতে অভিযান চালছে। 
উল্লেখ্য, ইটাহারের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী আক্রামুল হক দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির চম্পাসারিতে থাকেন। মঙ্গলবার ইটাহারে থেকে শিলিগুড়িতে আসার পর আচমকা নিখোঁজ হয়ে যান। তাঁর স্ত্রীর কাছে অচেনা নম্বর থেকে একাধিকবার ফোন করে মুক্তিপণের জন্য ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু কিছুতেই ব্যবসায়ী স্বামীর সঙ্গে স্ত্রী মৌসুমি আখতারকে কথা বলতে দেওয়া হচ্ছিল না। শুধু জানানো হয়েছিল, অপহরণ করা হয়েছে। নিখোঁজ স্বামীর খোঁজে শিলিগুড়িতে এসে বিভিন্ন থানা ঘুরে মৌসুমি বুধবার বিকেলে পুলিস কমিশনারের দ্বারস্থ হন। এরপরই পুলিস অপহৃত ব্যক্তির খোঁজ শুরু করে। রাতে চম্পাসারি থেকে উদ্ধার হয় ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদ করে অপহরণের তত্ত্ব সামনে আসে। একাধিক তথ্য পাওয়ার পর এক ব্যক্তিকে পুলিস আটকও করেছে। 
মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ঘটনার তদন্ত চলছে। ব্যবসায়ীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিস সূত্রে খবর, অপহরণ করার পর দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর এক আত্মীয়র কাছ থেকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা হুমকি দিয়ে আনিয়েছিল। এরপরেও ৫০ লক্ষ টাকার দাবি করে যাচ্ছিল। পুলিস তদন্ত শুরু করতেই অপহৃত ব্যক্তিকে চম্পাসারিতে ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীকে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় কখনও স্কুটারে কখনও গাড়িতে চাপিয়ে ঘুরিয়েছিল দুষ্কৃতীরা। ব্যবসায়ীর আইনজীবী অলোক দাস বলেন, আমার মক্কেলের কাছ থেকে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিসের উপর আমাদের আস্থা আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ