Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার প্ল্যাটফর্ম থেকে অপহৃত ৩ বছরের শিশু

হাওড়া স্টেশন থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠল।

হাওড়ার প্ল্যাটফর্ম থেকে অপহৃত ৩ বছরের শিশু
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশন থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠল। শিশুটির মায়ের সঙ্গে আলাপ জমিয়ে অজ্ঞাতপরিচয়ের এক মহিলা তাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার অভিযোগ দায়ের হওয়ার পর হাওড়া রেল পুলিস ঘটনার তদন্ত শুরু করে। তবে এখনও শিশুটির খোঁজ পায়নি তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করার চেষ্টা চলছে। রেল পুলিস সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা ওই মহিলা ব্যক্তিগত কাজে হুগলিতে গিয়েছিলেন। মঙ্গলবার ফিরতে অনেক রাত হয়ে যায়। বাস বন্ধ হয়ে যাওয়ায় শিয়ালদহ স্টেশন যেতে পারেননি।  তাই হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটান। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় এক মহিলার। সেও জানায়, যানবাহন না পাওয়ায় বাড়ি ফিরতে পারেনি। রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করে তারা। সকাল পর্যন্ত তিন বছরের ওই শিশু মায়ের কাছেই ছিল। প্ল্যাটফর্মেই সে খেলছিল। পাশেই বসেছিল ওই মহিলা। কিছুক্ষণ পর মায়ের নজরে আসে, ওই মহিলা ও তার সন্তান নেই। কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। তিনি গোটা হাওড়া স্টেশন চত্বর তন্নতন্ন করে খুঁজলেও পাননি সন্তানকে। বিষয়টি হাওড়া স্টেশনে কর্তব্যরত জিআরপি’র অফিসারদের নজরে আসে। তাঁরা এগিয়ে এলে ওই মহিলা গোটা ঘটনা জানান। এরপর তাঁকে নিয়ে আসা হয় হাওড়া রেল পুলিসের থানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস অপহরণের কেস রুজু করে।

Advertisement

তদন্তে নেমে অফিসাররা রেলের কাছ থেকে স্টেশনের সমস্ত ফুটেজ সংগ্রহ করেন। তা বিশ্লেষণ করতে গিয়ে তাঁদের নজরে আসে, এক মহিলা শিশুটিকে নিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। তাকে হাওড়া থেকে একটি বাসে উঠতে দেখা গিয়েছে। মহিলার পরিচয় জানা যায়নি। তার পোট্রেট ছবি বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। তা দেখে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে রেল পুলিসের অনুমান, ওই মহিলা শিশু পাচারে যুক্ত। শিশু কেনাবেচায় জড়িত এমন ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর চালাচ্ছেন জিআরপির অফিসাররা। যাতে সেই সূত্র ধরে মহিলার খোঁজ মেলে ও শিশুটিকে উদ্ধার করা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ