নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার পাঁশকুড়া পুরসভার ৫নম্বর ওয়ার্ডে অগ্রভূমি সঙ্ঘের খুঁটিপুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। নিয়ম মেনে এদিন ক্লাবের খুঁটিপুজো হয়। এই উপলক্ষ্যে পুজো কমিটির সভাপতি তথা পাঁশকুড়া পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, ক্লাব সভাপতি অভিজিৎ করণ সহ আরও অনেকে উপস্থিত হন। এছাড়াও দেবপ্রসাদ রায়, চিত্রশিল্পী শোভনলাল শাসমল প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর এখানকার থিম ‘অন্ধকার বিনাশিনী মা’। দেবীর মর্ত্যে আগমনে অন্ধকার দূর হবে। এরকম থিম তুলে ধরে এবার দর্শনার্থীদের চমক দিতে তৈরি ওই পুজো কমিটি। কৃষ্ণনগর থেকে প্রতিমা আসবে। এবছর এখানকার পুজো ১৫বছরে পা দিল। পুজোর চার-পাঁচদিন এখানে ছোটদের অঙ্কন, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, বাউল, লোকনৃত্য, ধুনুচিনাচ সহ নানারকম অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এছাড়াও কলকাতার শিল্পীদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।



