সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার বাগনান ১ ব্লকে এবার সাত কিলোমিটারের একটি রাস্তার কাজ শুরু হল। বাকসিহাট ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে রাস্তাটির সাড়ে ৫ কিলোমিটার হবে পিচের, এবং বাকি দেড় কিলোমিটার ঢালাইয়ের। তিন মিটার চওড়া রাস্তাটি তৈরিতে ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা। সোমবার বিকেলে সেই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল।
Advertisement
রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় আর আই ডি প্রকল্পে বাকসি জিরো পয়েন্ট থেকে শরৎ মোড় পর্যন্ত এই রাস্তা তৈরি করা হবে। এদিন রাস্তার কাজের সূচনা করে বিধায়ক সুকান্ত পাল জানান, রাস্তাটি বাকসি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বাকসি, মানকুর, দেগ্রাম, দীপামালিতা, বিরামপুর এবং পানিত্রাসের কিছু অংশ হয়ে শরৎ মোড় পর্যন্ত যাবে। এইসব এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটি তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই মতো রাস্তাটি তৈরি করা হচ্ছে। আগামী সাত মাসের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবে।



