সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় থাকার দিনই আরও দু’টি বন্ধ চা বাগান খুলে গেল। শ্রমদপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের পর এদিন প্রত্যাশা মতোই খুলে গেল মাদারিহাটের বন্ধ দলমোড় ও কালচিনির মেচপাড়া চা বাগান। এনিয়ে এক সপ্তাহে জেলার পাঁচটি বন্ধ চা বাগানের দরজা খুলল। এর আগে কালচিনি, রায়মাটাং ও তোর্সা এই তিনটি চা বাগান খুলেছিল।
Advertisement
শ্রমদপ্তর ও চা শ্রমিক সংগঠনগুলি সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে বন্ধ হয়েছিল দলমোড় বাগান। এখানে শ্রমিক সংখ্যা ১২৫০। অন্যদিকে, মেচপাড়া বন্ধ হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। এখানে শ্রমিক ১৩৫০ জন। দুর্গাপুজোর বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয় দলমোড়। অন্যদিকে, শ্রমিকরা বাগানের কর্মসংস্কৃতি মানতে চাইছেন না এই অভিযোগ তুলে মেচপাড়া চা বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দিয়ে চলে যায়। শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, এদিন মেচপাড়া ও দলমোড় চা বাগান খুলে দেওয়া হয়েছে। চেষ্টা চলছে দলসিংপাড়া ও মহুয়া এই দু’টি চা বাগানও খুলে দেওয়ার।



