মোহন বাগান-১ : খিদিরপুর-১
মোহন বাগান-১ : খিদিরপুর-১
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুরজিৎ সেনগুপ্ত থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য। ময়দানে বহু তারকার জন্ম দিয়েছে খিদিরপুর ক্লাব। গড়ের মাঠে একসময় জায়ান্ট কিলার হিসাবে খ্যাতি ছিল তাদের। মেহতাব হোসেনের দল দেখাল, তারা এখনও লড়তে জানে। বৃহস্পতিবার ঘরোয়া লিগে মোহন বাগানকে ১-১ গোলে রুখে দিল খিদিরপুর। লিড হাতছাড়া হওয়ার পর প্রায় ৫০ মিনিট সময় পেয়েছিলেন সুহেলরা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় বিপক্ষ দুর্গ দ্বিতীয়বার ভাঙা সম্ভব হয়নি।
পাঠচক্রকে গোলের মালা পরিয়ে লিগ অভিযান শুরু করেছিল মোহন বাগান। এদিন শুরু থেকেই দাপট ছিল সায়ন-তন্ময়দের। ২৭ মিনিটে লিডও নেয় সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ বক্সে কাট করে ঢুকে বল বাড়িয়েছিলেন কিয়ান। জাল কাঁপাতে ভুল হয়নি সন্দীপের (১-০)। কিন্তু এক গোলের লিড নিরাপদ নয়। তার উপর ম্যাচ টাইম না পেয়ে সুহেল ভাটের আত্মবিশ্বাস তলানিতে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে হ্যাটট্রিক হয়ে যায়। একা গোলকিপারকে পেয়েও জাল কাঁপাতে ব্যর্থ তিনি। এরইমধ্যে, ৪৮ মিনিটে দুরন্ত আক্রমণে গোল শোধ খিদিরপুরের তুহিন শিকদারের (১-১)। বাঁ পায়ের প্লেসিংয়ে গোলের সময় দীপ্যেন্দুরা স্রেফ দর্শক। বাকি সময়ে নাছোড় মনোভাবেই পয়েন্ট কাড়ল মেহতাবের দল।