সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: নিজের ডেরাতেই গণ বিক্ষোভের মুখে পড়লেন দিনহাটার ‘বেতাজ বাদশা’। জনগণের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কী তা দেখলেন উদয়ন। কেউ ছুড়লেন পচা ডিম, কেউ দেখালেন জুতোর মালা। কেউ আবার নিয়ে এসেছিলেন পচা আলু। বৃহস্পতিবার দিনহাটার রাস্তায় শয়ে শয়ে লোক তাঁদের ক্ষোভ উগরে দিলেন ‘চোর চোর’ স্লোগানে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ধৃত উদয়ন গুহকে এমনভাবেই ‘স্বাগত’ জানাল তাঁর শহর।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ উদয়ন গুহকে ধরেছে। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, শুধু একজন অভিযোগকারী নন, আরও বহু মানুষ আছে যাদের কাছ থেকে এভাবে টাকা তোলা হয়েছে। প্রাথমিক তদন্তে তার প্রমাণ মিলেছে। সেই টাকার পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি।
এদিন ভোর ৫টা ২০ মিনিট নাগাদ দিনহাটা থানায় নিয়ে আসা হয় উদয়নকে। দুপুর ২টো নাগাদ ভিড় ঠেলে তাকে কোনো মতে প্রিজন ভ্যানে চাপিয়ে থানার উলটো দিকে মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেও তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে লোকজন। মেডিক্যাকে করিয়ে বের করার সময় উত্তেজিত জনতার ছোড়া একটি ডিম উদয়নের মাথায় পরা হেলমেটে গিয়ে লাগে। এরপর তাকে আনা হয় আদালতে। সেই সময় উত্তেজিত জনতা মুহুর্মুহু ডিম ছুঁড়তে শুরু করে। একসময় কেন্দ্রীয় বাহিনীকেও হিমশিম খেতে হয়। ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে ‘চোর চোর’ স্লোগানে।
কোচবিহারের পুলিশ সুপার যশপ্রীত সিং বলেন, গোপাল সাহা নামে এক ব্যক্তি সম্প্রতি অভিযোগ করেছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে টাকা দিতে হয়েছে, এমনই অভিযোগ ছিল তাঁর। থানা তদন্ত করে, তাতে দেখা যায় বেশ কয়েকজনের কাছ থেকে বেআইনিভাবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা তোলা হয়েছে। সবটাই তদন্তের অধীনে এখন।
উল্লেখ্য, এদিন দিনহাটা থানা থেকে মহকুমা হাসপাতাল কিংবা অদালত সর্বত্র লোকজন জমায়েত করে। জনরোষ আটকাতে জায়গায় জায়গায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। হাতে ডিম নিয়ে এসেছিলেন অনেকেই। বাধ্য হয়ে দিনহাটা থানা থেকেই হেলমেট পরিয়ে বের করা হয় প্রাক্তন মন্ত্রীকে। বারেবারে উত্তেজিত জনতা কাটমানি খাওয়া উদয়ন, সন্ত্রাসের কারিগর বলে স্লোগান তোলেন। কেউ কেউ আবার থানা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশ তাদের বের করে দেয়। • পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ডিম ছুড়ছে জনতা। - নিজস্ব চিত্র।