Bartaman Logo
১০ জুন, ২০২৬

কংগ্রেসের আপত্তি খারিজ, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

কংগ্রেসের আপত্তি খারিজ, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: আজ, মঙ্গলবার কর্মকালের মেয়াদ শেষ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। তার আগে সোমবার রাজীবের উত্তরসূরির নাম চূড়ান্ত করে ফেলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। রাতে আইন মন্ত্রকের তরফে তাঁর নাম ঘোষণা করা হয়। মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বাছাই কমিটির তৃতীয় সদস্য হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে কমিটির বৈঠক হয়। তারপর পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়।  
Advertisement
নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে। এই যুক্তিতে কংগ্রেস পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানায়। কিন্তু কংগ্রেসের আপত্তি ধোপে টেকেনি। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনা হিসেবে বেছে নেয় সরকারপক্ষ। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশনার পদে বেছে নেওয়া হয়েছে হরিয়ানার মুখ্যসচিব বিবেক যোশিকে। 
গত মার্চে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন জ্ঞানেশ। তিনি এবার রাজীব কুমারের স্থলাভিষিক্ত হওয়ায় তাঁর তত্ত্বাবধানেই চলতি বছর বিহার ও আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুর বিধানসভা ভোট হবে। ৬১ বছরের জ্ঞানেশ এর আগে অমিত শাহর মন্ত্রকে কাজ করেছেন। ৩৭০ অনুচ্ছেদ বাতিল বিলের খসড়া রচনাতে ভূমিকা ছিল ১৯৯৮ সালের কেরল ক্যাডারের এই আইএএস অফিসারের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ