Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কেভিনের তিন হলুদ কার্ড অস্কারের চিন্তা

বাকি তিন ম্যাচ জিতলেই প্রথমবারের জন্য আইএসএল খেতাব ঘরে তুলবে ইস্ট বেঙ্গল। ১৩ ম্যাচের লিগে একটা সময় পরপর পয়েন্ট খুইয়ে খেতাবি লড়াইয়ের পথ কঠিন করে তুলেছিল অস্কার ব্রুজোঁর ছেলেরা।

কেভিনের তিন হলুদ কার্ড অস্কারের চিন্তা
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাকি তিন ম্যাচ জিতলেই প্রথমবারের জন্য আইএসএল খেতাব ঘরে তুলবে ইস্ট বেঙ্গল। ১৩ ম্যাচের লিগে একটা সময় পরপর পয়েন্ট খুইয়ে খেতাবি লড়াইয়ের পথ কঠিন করে তুলেছিল অস্কার ব্রুজোঁর ছেলেরা। তবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে আবারও প্রবলভাবে আশা জাগিয়েছেন সাউল-শৌভিকরা। আর সেই পালে হাওয়ার কাজ করেছে বাকি দলগুলির পয়েন্ট নষ্ট। বর্তমানে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে ইস্ট বেঙ্গল। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় নিয়ে শহরে ফিরেছে লাল-হলুদ ব্রিগেড। লিগের পরবর্তী ম্যাচে ১১ মে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আর পাঁচদিন বাদেই মর্যাদার ডার্বি। এই দুই ম্যাচ জিতলেই লিগ খেতাব কার্যত নিশ্চিত করে ফেলবে ব্রুজোঁর ছেলেরা। কারণ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্টার কাশী। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ কোচ। তাঁর শয়নে স্বপনে এখন শুধুই পাঞ্জাব ম্যাচ।

Advertisement

১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব। তবে অবস্থানের নিরিখে তাদের বিচার করাটা ঠিক হবে না। তার অন্যতম কারণ দলের শক্তিশালী আপফ্রন্ট। বিশেষত এফিয়ং সুনগুসি ও বেডে সুজি যে কোনও রক্ষণে ফাটল ধরাতে সক্ষম। তাই নাইজেরিয়ান এই দুই অ্যাটাকারকে শান্ত রাখাই বড় চ্যালেঞ্জ লাল-হলুদ ডিফেন্ডারদের। গত কয়েকটি ম্যাচ তিন ডিফেন্ডারে দল সাজিয়েছেন অস্কার। পাঞ্জাবের বিরুদ্ধেও সেই একই পথে হাঁটলে আনোয়ারদের জন্য বেশ কঠিন লড়াই অপেক্ষা করছে। তারউপর ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখেছেন কেভিন সিবলে। ফলে আর একবার কার্ড দেখলে এক ম্যাচ নির্বাসিত হতে হবে আর্জেন্তাইন ডিফেন্ডারকে। তাই ডার্বির কথা মাথায় রেখে পাঞ্জাবের বিরুদ্ধে কেভিনকে খেলানো নিয়ে দ্বিধায় অস্কার। এদিকে, মুম্বই থেকে শহরে ফিরে বৃহস্পতিবার প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। এদিন মূলত রিকভারি সেশন সারেন লাল-হলুদ ফুটবলাররা। শুক্রবার পুরোদমে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করবেন ইউসেফ এজেজ্জারিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ