সংবাদদাতা, দেওয়ানহাট ও ধূপগুড়ি: সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার কোচবিহারে এসে পরীক্ষার প্রস্তুতি পরিদর্শন করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার পরীক্ষা কেন্দ্রে বাড়তি সতর্কতা রাখছে সংসদ। পরীক্ষা কেন্দ্রে থেকে কোনওভাবেই যাতে প্রশ্নপত্র বাইরে না ফাঁস হয়ে যায় সেজন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। এদিন কোচবিহারে এসে সংসদের সভাপতি প্রথমে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর রামভোলা স্কুলে যান। তিনি বলেন, এবারই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষার ভেন্যু মেোনশন করা হয়েছে। যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আমরা এবার মেটাল ডিটেক্টর ব্যবহার করছি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ সহ কোনও প্রকারের ডিভাইস নিয়ে যাতে পরীক্ষার্থীরা না ঢুকতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এবছর মোট ২০৮৯টি পরীক্ষা কেন্দ্রে ৫ লক্ষ ৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এরমধ্যে ১৩৬টি কেন্দ্র স্পর্শকাতর।



