নয়াদিল্লি: শ্যুটার মানু ভাকেরের কোচের পদে বহাল থাকছেন যশপাল রানা। সোমবার এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্যারিস ওলিম্পিকসে জোড়া পদক জয়ী তারকা। তাঁর মন্তব্য, ‘কোচ হিসেবে তিনি যথেষ্ট দক্ষ। অভিজ্ঞতা অনেক। তাই ভুল দ্রুত শুধরে দিতে পারেন। প্যারিসে আমার পদক জয়ের পিছনে কোচের বিশাল অবদান রয়েছে।’ ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মানু। তারকা শ্যুটার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘উচ্চ পর্যায়ে সাফল্য পেতে হলে ফিটনেস আরও বাড়াতে হয়। সেই দিকে বিশেষ ভাবে নজর দিচ্ছি। সবটাই হচ্ছে কোচের নির্দেশ মেনে।’ উল্লেখ্য, টোকিও ওলিম্পিকসেও যশপাল রানার তত্ত্বাবধানে রেঞ্জে নেমেছিলেন মানু। কিন্তু দু’জনের মধ্যে মনোমালিন্য ঘটে। তবে পরবর্তীকালে সেই জট কেটে যায়।



