Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে হুমকির জের, কৌস্তভকে থানায় তলব

হাসপাতালে গিয়ে চিকিৎসক ও কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে আজ, শুক্রবার বেলা ১১টায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে মোহনপুর থানায় তলব করল পুলিস।

হাসপাতালে হুমকির জের, কৌস্তভকে থানায় তলব
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হাসপাতালে গিয়ে চিকিৎসক ও কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে আজ, শুক্রবার বেলা ১১টায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে মোহনপুর থানায় তলব করল পুলিস। বৃহস্পতিবার এই সংক্রান্ত নোটিস কৌস্তভকে দেওয়া হয়েছে। যদিও তিনি জানিয়েছেন, ‘এরকম নোটিস আমার কাছে অনেক এসেছে। আমি জানি, কীভাবে এর মোকাবিলা করতে হয়। যাব কি না, ঠিক করিনি।’

Advertisement

এদিনই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওই বেসরকারি হাসপাতালে যান প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন, উত্তর ২৪ পরগনা জেলা ইউনিটের চার চিকিৎসক প্রতিনিধি। তাঁরাও ঘটনার প্রতিবাদে সরব হন। কৌস্তভকে আক্রমণ করে সংগঠনের প্রতিনিধি ডাঃ বিবর্তন সাহা বলেন, চিকিৎসক দিবসের দিন অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। বৃদ্ধকে বাঁচাতে হাসপাতাল সবরকম চেষ্টা করেছে বলে জানতে পেরেছি। যিনি হুমকি দিয়েছেন, তিনি ঘটনার সময় ছিলেন না। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।  
প্রসঙ্গত, বিজেপি নেতা কৌস্তভের আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি নেতা ও মৃতের পরিবারের অভিযোগ, রোগীর চিকিৎসার বদলে খরচের প্যাকেজে নিয়ে দর কষাকষি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় হাসপাতালের উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কেউ অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু হয় বলেই অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগ উড়িয়ে এদিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ রায় বলেন, ‘দুটি হাসপাতাল ঘুরে রোগী আমাদের এখানে আসে। চিকিৎসা শুরু হলে জানা যায়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর রোগীকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল। অভিযোগ মিথ্যে।’ হাসপাতালের তরফে মোহনপুর থানায় অভিযোগ জানানো হয়। এরই প্রেক্ষিতে তলব করা হয়েছে কৌস্তভকে। 
বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের দাবি, ‘রোগীর পরিবার কিছু বলল না। অথচ কোনও এক ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বাইরে থেকে এসে চিকিৎসকের নামে কুৎসিত গালিগালাজ, হেনস্তা করেছে। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিস প্রশাসন সেই ব্যবস্থা নেবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ