Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিটে ৬৭ র‌্যাঙ্ক করে তাক লাগালেন কৌশিক

মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে পাশ করে সর্বভারতীয় নিট পরীক্ষায় ৬৭ র‌্যাঙ্ক করলেন নকশালবাড়ির কৌশিক মিশ্র।

নিটে ৬৭ র‌্যাঙ্ক করে তাক লাগালেন কৌশিক
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে পাশ করে সর্বভারতীয় নিট পরীক্ষায় ৬৭ র‌্যাঙ্ক করলেন নকশালবাড়ির কৌশিক মিশ্র। শনিবার অনলাইন মারফত রেজাল্ট দেখে খুশির আমেজে মিশ্র পরিবারে। এদিন স্কুলের প্রাক্তনীর এই সাফল্যে ছাত্রের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাল স্কুল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ইন্ডিয়ান ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে নকশালবাড়ির মধ্য কোটিয়াজোতের বাসিন্দা কৌশিক মিশ্র জাতীয় স্তরে দ্বিতীয় হয়েছিল। পাশাপাশি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের প্রাবেশিকা পরীক্ষায় ২৪তম স্থান পেয়েছিলেন। পাশাপাশি আইআইএসইআরে বেঙ্গালুরুতে সুযোগ পেয়েও তাতে যোগ দেননি। তাঁর স্বপ্ন চিকিৎসক হওয়া। এজন্য নিটের ফলাফলের অপেক্ষা করছিলেন। এদিন সেই অপেক্ষা শেষ হল। 

Advertisement

কৌশিক বলেন, এইমসে এমবিবিএস পড়তে চাই। কার্ডিওলজিস্ট হতে চাই। উল্লেখ্য, কৌশিক নকশালবাড়ি নন্দ প্রসাদ হাইস্কুল থেকে মাধ্যমিক ৪৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। এত কম নম্বরের কারণে স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে না পেরে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলে ভর্তি হন। সেখান থেকে বিজ্ঞান বিভাগে ৮৩ শতাংশ নম্বর পেয়েছেন। এরপর একের পর এক পরীক্ষার সেরার তালিকায় তিনি স্থান করে নিয়েছেন। তাঁর এই সাফল্যে খুশি ধরে রাখতে পারছেন না মিশ্র দম্পতি। কৌশিকের মা সুধা গৃহবধূ ও বাবা চন্দন মিশ্র এমএসকে শিক্ষক। চন্দনবাবু বলেন, ছেলে চিকিৎসক হয়ে দুঃস্থদের পাশে দাঁড়াবে। সেটাই আমার প্রাপ্য। নন্দ প্রসাদ হাইস্কুলের প্রধান শিক্ষক নিতীশ ঘোষ বলেন, কৌশিকের সাফাল্য আমরা খুবই গর্বিত। মাধ্যমিকের পর সে এই জায়গায় পৌঁছবে তা আমাদের ভাবনা চিন্তায় ছিল না। সে তার লক্ষ্য স্থির করে আজ এই জায়গায় পৌঁছেছে। সে আগামী প্রজন্মের অনুপ্রেরণা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ