বেঙ্গালুরু: স্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার স্ত্রী পার্বতী। মাইসুরু আর্বান ডেভেলপমেন্ট অথরিটির (মুডা) জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে পাঠানো ইডির সমন শুক্রবার খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী বিএস সুরেশকেও এব্যাপারে উচ্চ আদালত রেহাই দিয়েছে। ইডির সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনিও। এদিন আদালতে মুখ্যমন্ত্রী-পত্নীর আইনজীবী সন্দেশ চৌঠা যুক্তি দেন, নিজের নামে বরাদ্দ হওয়া ১৪টি জমির প্লট কর্তৃপক্ষকে ফিরিয়ে দিয়েছেন পার্বতীদেবী। এই মামলায় তাঁকে দোষী করা যায় না।
মুডা জমি বণ্টন দুর্নীতি মামলায় গত বছর নাম জড়িয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রী এবং শ্যালক মল্লিকার্জুনের।
তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে করা এক প্রশ্নের জবাবেই সামনে আসে সেই তথ্য। জানা যায়, ৫৬ কোটি টাকার বিনিময়ে পার্বতী এবং মল্লিকার্জুনের নামে মাইসুরুর অভিজাত এলাকায় ১৪টি জমি বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ, বাজারদরের তুলনায় অনেক কম দামে বরাদ্দ হয়েছিল ওই জমি। গত বছরের আগস্টে সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছিলেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। সেইমতো লোকায়ুক্ত পুলিস মামলাও দায়ের করেছিল। এরপরই জমি কেলেঙ্কারিতে আর্থিক অনিয়মের তদন্তে নেমে পার্বতীকে সমন পাঠায় ইডি। এদিন সেই সমন বাতিল করে দিল হাইকোর্ট।