• নতুন কাজের প্রশংসা
• নতুন কাজের প্রশংসা
‘বড়া নাম করেঙ্গে’। সাম্প্রতিক অতীতে সোনি লিভ-এর এই ওয়েব সিরিজে কানওয়ালজিতের অভিনয় প্রশংসিত হয়েছে নানা মহলে। অভিনেতা সেই আনন্দ ভাগ করে নিয়ে বললেন, ‘সুরজজি (বরজাতিয়া, প্রযোজক) আমাকে বলেছিলেন, ওটিটিতে যে ধরনের শো দেখানো হয়, আমরা তা তৈরি করব না। সম্পূর্ণ নতুন এক শো করব। আমি ওঁর কথায় ভরসা করেই কাজটা করেছিলাম। মুক্তি পাওয়ার পর শুনলাম, দর্শকের ভালোই লেগেছে।’
• টিকে থাকার রহস্য
বড়পর্দা হোক বা ছোটপর্দা— দীর্ঘ কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন কানওয়ালজিৎ। এত বছর ধরে বলিউডে টিকে থাকার রহস্য কী? বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘দেখুন, কারও মধ্যে অভিনয় ক্ষমতা একটু কম থাকতে পারে, কিন্তু আচরণ ভালো হতে হবে। খারাপ আচরণ করলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। প্রত্যেক অভিনেতার বিনয়ী হওয়া প্রয়োজন। এটা রাতারাতি শেখা যায় না। পারিবারিক শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়।’
• অর্থ উপার্জনের ঝোঁক
টেলিভিশনে কাজের ধরন আগের তুলনায় অনেকটা বদলেছে। এপ্রসঙ্গে অভিযোগের সুরেই অভিনেতা বললেন, ‘এখন টেলিভিশন চ্যানেলগুলো টিআরপির লক্ষ্যে দৌড়য়। আর প্রযোজকের চাহিদা শুধুমাত্র বক্স অফিসের নম্বর। কোনও প্রজেক্ট কতটা ভালো করে তৈরি করা যায়, সেদিকে কম মনযোগী তাঁরা। শুধু টাকার দিকে ঝোঁক। সেকারণেই ইদানীং সবকিছুর মান পড়ছে।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই